ভারতের বিরুদ্ধে টানা ব্যর্থতার পর চাপ বাড়ছে পাকিস্তান শিবিরে। প্রাক্তন তারকাদের তীব্র সমালোচনার মাঝেই শোনা যাচ্ছে বড় সিদ্ধান্তের আভাস—মরণবাঁচন নামিবিয়া ম্যাচে নাকি বাদ পড়তে পারেন অধিনায়ক Babar Azam ও পেস তারকা Shaheen Shah Afridi।
রবিবারের হারের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের ক্ষোভ চরমে পৌঁছেছে। বিশেষ করে Waqar Younis ও Shahid Afridi প্রকাশ্যেই বর্তমান দলের পারফরম্যান্স নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
ওয়াকার ইউনিসের মতে, ম্যাচের প্রথম ইনিংসেই কার্যত হার নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। তাঁর কথায়, “ভারত যখন ১৭৫ করল, তখনই ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায়। আমাদের ব্যাটিং যে দুর্বল, সেটা সবাই জানে। ওদের ১৫০–এর মধ্যে আটকে রাখতে পারলে আশা থাকত।”
অন্যদিকে শাহিদ আফ্রিদি আরও সরব। তিনি সরাসরি বাবর ও শাহিনকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাঁর বক্তব্য, “বাবর-শাহিন এখনও দলে কেন? আমার হাতে ক্ষমতা থাকলে ওদের বাদ দিতাম। সঙ্গে সাদাব খানকেও। নামিবিয়ার বিরুদ্ধে নতুনদের সুযোগ দেওয়া উচিত। পারফর্ম না করলে সিনিয়ররা দলে থাকবে কেন?”
পাকিস্তান শিবির সূত্রে খবর, গ্রুপের শেষ ম্যাচে বড় পরিবর্তন দেখা যেতে পারে। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটি পাকিস্তানের কাছে কার্যত ‘ডু অর ডাই’। এই ম্যাচে হারলেই সুপার এইটে ওঠার আশা শেষ হয়ে যেতে পারে। সেই কারণেই দলের ভিতরে কড়া আলোচনার পর বাবর-শাহিনদের বিশ্রাম বা বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রবিবার ভারতের কাছে হার নিশ্চিত হওয়ার পরই মাঠ ছেড়ে চলে যান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সোমবার টিম হোটেলে গিয়ে দলের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠকে দলের সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে কড়া আলোচনা হয়েছে বলেই খবর।
অন্যদিকে ভারতীয় শিবিরে এখন স্বস্তির আবহ। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে আমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবেন সূর্যকুমার যাদবরা। সেই ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষারই।



