ভারত ম্যাচের আগে পাক অধিনায়কের হুঙ্কার, কী বললেন সলমন আলি আঘা

উসমান তারিকের বোলিং অ্যাকশন ঘিরে বিতর্কের মাঝেই ভারত ম্যাচের আগে তাঁকেই দলের প্রধান অস্ত্র বললেন পাক অধিনায়ক সলমন আলি আঘা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা, আর সেই ম্যাচের আগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক রহস্যময় নাম—উসমান তারিক। তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশন, বল ছাড়ার আগে ক্ষণিক ‘পজ’ এবং তা ঘিরে বিতর্ক এখন ক্রিকেটমহলে তুমুল আলোচনার বিষয়। এই পরিস্থিতিতেই ভারত ম্যাচের আগে উসমানকেই দলের প্রধান অস্ত্র বলে ঘোষণা করলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের শক্তির জায়গা হিসেবে পেস আক্রমণের কথাই বেশি শোনা গেছে। কিন্তু এবারের টুর্নামেন্টে শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহদের ছাপিয়ে আলোচনার কেন্দ্র দখল করে নিয়েছেন স্পিনার উসমান তারিক। তাঁর অস্বাভাবিক বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কনুইয়ের বাঁক কতটা বৈধ, আর বল ছাড়ার আগে যে ক্ষণিক থামা—তা নিয়মসিদ্ধ কি না, তা নিয়েও চলছে তর্ক-বিতর্ক। এই প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাকাটাকাটিতে জড়িয়েছেন শ্রীবৎস গোস্বামী ও রবিচন্দ্রন অশ্বিনও।

তবে দলের ভরসার জায়গা নিয়ে কোনও দ্বিধা নেই পাকিস্তান অধিনায়কের। সলমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “উসমান আমাদের স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গত কয়েক মাসে ও অসাধারণ বোলিং করেছে। আমার কাছে ও-ই দলের ট্রাম্প কার্ড।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একের পর এক প্রশ্নের জবাবে পাক অধিনায়ক বলেন, উসমানের অ্যাকশন নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। “খেলা শুরু করার পর থেকেই অ্যাকশন নিয়ে শুনে আসছে ও। আইসিসি দু’বার ওর অ্যাকশনকে ক্লিয়ার করেছে। তা হলে আর চিন্তার কী আছে?”—বলেছেন সলমন।

তাঁর কথায়, এই বিতর্কে উসমানের কোনও প্রভাব পড়বে না। বরং এই পরিস্থিতি সামলাতে সে অভ্যস্ত। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে ম্যাচে রহস্য স্পিনার উসমান তারিককেই প্রধান অস্ত্র করে নামতে চলেছে পাকিস্তান দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর