জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে ভারতীয় সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে। এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও হতাহতের খবর নেই বলে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে।
শুক্রবার ভোরবেলা এই সংঘর্ষ ঘটে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় ঘাঁটিগুলিতে গুলি চালালে, ভারতীয় সেনার পক্ষ থেকেও তৎক্ষণাৎ পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। একটি ‘ইন্ডিয়া টুডে’ রিপোর্টে ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে, সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে ভারতের সীমান্তে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক পহেলগাঁও হামলা, যেখানে পর্যটকদের উপর জঙ্গি আক্রমণের ফলে উত্তেজনা আরও বেড়েছে। সেই ঘটনার পরই দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে ইসলামাবাদ আট দফা পাল্টা পদক্ষেপের কথা জানিয়েছে, যার মধ্যে অন্যতম হলো শিমলা চুক্তি স্থগিত রাখার হুমকি।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পর স্বাক্ষরিত শিমলা চুক্তি অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাকে দুই দেশ সম্মান জানাবে এবং একতরফাভাবে এর পরিবর্তন ঘটাবে না। কিন্তু এবার পাকিস্তানের হুঁশিয়ারি, যদি ভারত “সন্ত্রাসকে উস্কানি দেওয়া ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন” বন্ধ না করে, তাহলে তারা এই ঐতিহাসিক চুক্তি স্থগিত রাখবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, শিমলা চুক্তি স্থগিত থাকলে নিয়ন্ত্রণরেখায় নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। ভারতীয় সেনা সূত্রে এখনও কোনও সরকারি বিবৃতি না এলেও, সীমান্তে পরিস্থিতি বেশ উত্তপ্ত বলেই মনে করা হচ্ছে।









