নজরবন্দি ব্যুরোঃ শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি বিধানসভা আসন এবং তিনটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা চলছে আজ। সেখানেও ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে কড়া টক্কর দিল বিরোধীরা। এমনকী, তিনটি লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছে বিজেপি ।
আরও পড়ুনঃ ‘ নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ‘ মুখ খুললেন জয়প্রকাশ
যদিও উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। হিমাচল প্রদেশের মান্ডী লোকসভা কেন্দ্রটি BJP থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভাকে প্রার্থী করেছিল সনিয়া গাঁধীর দল। প্রায় ৯ হাজার ভোটে বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি। হিমাচলে তিনটি বিধানসভা উপনির্বাচনেও জিতেছে কংগ্রেস।

নিজেদের দখলে থাকা দু’টি আসনের পাশাপাশি বিজেপি-র থেকে একটি ছিনিয়ে নিয়েছে। অপর দিকে রাজস্থানে দুটি বিধানসভা আসনে এগিয়ে সেই রাজ্যের শাসকদল কংগ্রেস। তেলাঙ্গানায় শাসকদল টিআরএস-কে স্তম্ভিত করে এগিয়ে রয়েছে বিজেপি। হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি-কে হারিয়েছেন আইএনএলডি প্রার্থী অভয় চৌটালা।

তবে অসমের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং দু’টিতে তাদের সহযোগী ইউপিপিএল জিতেছে। মহারাষ্ট্রেও কংগ্রেসের জয়জয়কার। মধ্যপ্রদেশে দু’টি বিজেপি ও একটি আসনে জিতেছে কংগ্রেস। কর্ণাটকে একটি বিজেপি ও একটি আসন কংগ্রেসের দখলে। আর আমাদের রাজ্যেতো ৪টি আসনেই পরাজিত বিজেপি।
শুধু এই রাজ্যে নয়, দেশ জুরেই উপনির্বাচনে BJP-কে টেক্কা দিয়েছে বিরোধীরা
দেশ জুরে উপনির্বাচনের এই ফলাফলের কারন হিসেবে উঠে আসছে ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, কৃষক আন্দোলন। আর এরই মাঝেই ১৪ রাজ্যের ৩০ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। তার ফলাফলে এটা স্পষ্ট যে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। যা দেখে রাজনৈতিক মহলের ধারনা, লোকসভা ভোটের আগে এই সমস্ত জ্বলন্ত ইস্যুর সমাধান সূত্রে বের করতে না পারলে বড় ধাক্কা খেতে পারে মোদি-শাহ-নাড্ডাদের দল।



