শিয়রে লোকসভা নির্বাচন। পাঁচ বছর পর ফের একবার দেশের কুর্সি দখলের লড়াই। একদিকে, বিজেপি সমর্থিত এনডিএ জোট, অন্যদিকে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। লড়াই হবে হাড্ডাহাড্ডি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এবার ৪০০ আসন পার করার লক্ষ্য নিয়েছে বিজেপি। আবার নরেন্দ্র মোদীকে সিংহাসনচ্যুত করতে বদ্ধপরিকর বিরোধীরা। লোকসভা নির্বাচনের মাস দুয়েক আগে প্রকাশিত হল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের জনমত সমীক্ষা।
আরও পড়ুন: রাজ্য বাজেটে কল্পতরু মমতা, ‘দিশাহীন’ তকমা দিয়ে কটাক্ষ শুভেন্দুর


এই জনমত সমীক্ষা কী বলছে? লোকসভায় কত আসন পাবে বিজেপি? বিরোধীরাই বা কত? আসুন জেনে নেওয়া যাক! সমীক্ষার ফলাফল অনুযায়ী, বিজেপি তথা এনডিএ জোট পাবে ৩৬৬টি আসন। ‘ইন্ডিয়া’ জোটের কপালে জুটবে ১০৪টি আসন এবং অন্যান্য দলগুলি মিলিতভাবে ৭৩টি আসন পেতে পারে। ভোট শতাংশের পরিপ্রেক্ষিতে এনডিএ জোট পাবে ৪১.৮ শতাংশ ভোট। ‘ইন্ডিয়া’ জোট পেতে পারে ২৮.৬ শতাংশ ভোট এবং অন্যান্যরা পাবে ২৯.৬ শতাংশ ভোট।

রাজ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনের মধ্যে ১৭টি পাবে এনডিএ জোট। ওয়াইএসআর পেতে পারে ৮টি আসন। অসমে ১৪টির মধ্যে ১২টি আসন পাবে এনডিএ। বিহারে নীতিশ কুমার এনডিএ জোটে যোগ দিয়েহচেন। ফলে, এ রাজ্যে ৪০টি আসনের মধ্যে ৩২টি আসন পাবে বিজেপি। দিল্লির ৭টি আসনই বিজেপি জিতবে বলে জনমত সমীক্ষার ফলাফল বলছে।


গুজরাতের ২৬টি আসনই জিতবে বিজেপি। হরিয়ানার ১০টিয়া আসনের মধ্যে ৮টি বিজেপি এবং ২টি ইন্ডিয়া জোট পাবে। হিমাচল প্রদেশেও ৬০ শতাংশ ভোট পদ্মের ঝুলিতেই যেতে পারে। ঝাড়খন্ডে ২০১৯ সালের পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ, ১৪টি আসনের মধ্যে ১২টি পাবে বিজেপি। বিরোধীরা পেতে পারে ২টি আসন।

লোকসভায় কত আসন পাবে বিজেপি? বিরোধীরাই বা কত? প্রকাশ্যে এল জনমত সমীক্ষা
কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ২৪টি পাবে এনডিএ। ৪টি আসন পাবে ‘ইন্ডিয়া’ জোট। কেরলে ২০ টি আসনই আবার জেতে পারে ‘ইন্ডিয়া’ জোটের ঝুলিতে। মহারাষ্ট্রে ২৬টি আসন পাবে বিরোধীরা। ২২টি আসন পাবে বিজেপি-শিবসেনা জোট। আবার, মধ্যপ্রদেশে ২৯টি আসনের মধ্যে ২৭টি পাবে বিজেপি। বিরোধীরা পাবে ২টি আসন।
পাঞ্জাবে ৫টি করে আসন জিততে পারে আম আদমি পার্টি এবং কংগ্রেস। সে রাজ্যে বিজেপি পেতে পারে ২টি আসন। অন্যদিকে, রাজস্থানে ‘ইন্ডিয়া’ জোট ২৫টি আসনের মধ্যে ২৫টিতেই জিতবে বলে জনমত সমীক্ষা বলছে। আবার, তামিলনাড়ুতে ৩৯ টি আসনের মধ্যে ৩৯ টিই জিতবে ‘ইন্ডিয়া’ জোট। তেলেঙ্গানাতেও ১৭টি আসনের মধ্যে ১০টি পেতে পারে ‘ইন্ডিয়া’ জোট এবং এনডিএ পেতে পারে ৩টি আসন।

যোগীরাজ্য উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭২টিতেই বাজিমাত করবে পদ্ম শিবির। সেক্ষেত্রে, ‘ইন্ডিয়া’ জোট পেতে পারে ৮টি আসন। উত্তরাখণ্ডের ৫টি আসনে জেতার সম্ভাবনা বিজেপির। বাংলায় ৪২টি আসনের মধ্যে ২২টি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেতে পারে ৯টি আসন। ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরে ৫টি আসনের মধ্যে ৩টি জিততে পারে ‘ইন্ডিয়া’ জোট এবং এনডিএ পেতে পারে ২টি আসন।







