নজরবন্দি ব্যুরো: শ্লীলতাহানির অভিযোগে এবার আটক হলেন খোদ ওসি। রূপান্তরকামি এক মহিলা ও তার বন্ধুদের মারধর ও অশ্লীল আচরণের অভিযোগে সোমবার মধ্য কলকাতার ট্রাফিক গার্ড এর ওসি কে আটক করা হয়। শ্লীলতাহানির অভিযোগে দক্ষিণ পশ্চিম ট্রাফিক গার্ড এর ওই অতিরিক্ত ওসি এদিন আটক হোন।
আরও পড়ুনঃ কৃষি বিল নিয়ে তৃণমূলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ আখ্যা দিলেন রাজ্যপাল!
সোমবার রাতেই বৌবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের সদস্য রঞ্জিতা সিনহা। তাঁর দাবি, তিনি ও তার দুই বান্ধবী দমদম এলাকায় ত্রাণ দিয়ে বাড়ি ফিরছিলেন। চাঁদনি চকের কাছে একটি রেস্তোরাঁয় কফি খেতে গাড়ি দাঁড় করান তাঁরা।
অভিযোগ, সেই সময় তাঁদের গাড়ির ওপর কার্যত চড়াও হন কলকাতা পুলিশের এক আধিকারিক। এমনকি গাড়ির ভিতরে বসে থাকা রূপান্তরকামী মহিলা রঞ্জিতা সিনহার গায়েও হাত দিতে যান তিনি।রঞ্জিতা সিনহার দাবি, একাধিক বার বাধা দেওয়ার পরেও তাঁর দুই বান্ধবীর গায়েও হাত দেন অভিযুক্ত ওই পুলিশ।
এমনকি গাড়ির চালক বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে জানিয়েছেন রঞ্জিতা। এর পরেই লালবাজারে ১০০ ডায়াল করে খবর দেন আক্রান্তরা, খবর দেন বউবাজার থানাতেও। বউবাজার থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন।আটক করা হয় অভিযুক্ত ওসি-কে।



