নজরবন্দি ব্যুরো: সব আশঙ্কা সত্যি করে পঞ্চায়েত ভোটের দিন নজিরবিহীন অশান্তির সাক্ষী গোটা বাংলা। ভোটদিবসের প্রথমার্ধের মধ্যেই রাজনৈতিক হিংসার বলি হলেন ১৩ জন। আর পুরো সময়টা জুড়ে শুধু খোঁজ চলছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। কোথায় গেলেন তিনি, কেন কিছু বলছেন না এই জাতীয় একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এবার মুখ খুললেন তিনি। কমিশনার সাফ জানিয়ে দিলেন, সব জায়গার ভোট শান্তিপূর্ণ হয়নি।
বেলাগাম হিংসার প্রসঙ্গে রাজীব সিনহা বলেন, ‘অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তারপর তদন্ত এবং গ্রেফতারি। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। ঘন ঘন অভিযোগ আসছে। প্রায় ৬০০ মতো অভিযোগ সামনে এসেছে। কমিশন এগুলির সমাধান করবে’। তিনি আরও বলেন, ‘গন্ডগোল, অশান্তির খবর এসেছে। মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি খতিয়ে দেখতে হবে। সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বলা সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনও বলা যায় না’। এদিকে কমিশনের পক্ষ থেকে ৩টি মৃত্যুকে স্বীকার করে নেওয়া হয়েছে। বাকীগুলি তদন্ত সাপেক্ষ বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ভোট চলাকালীনই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজীব সিনহাকে ফোন করেন। ফোনে তিনি সরাসরি রাজীবকে প্রশ্ন করেন, ‘আর কত রক্ত চাই আপনার’? একই সঙ্গে ভোটপর্ব মিটে গেলে সন্ধ্যার পর তিনি কমিশনের দফতরে গিয়ে তালা ঝোলানোর মতো হুমকিও দিয়েছেন।

এছাড়া, বিজেপির যুব মোর্চা আবার রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রতিবাদ জানিয়েছে। পুলিশের তরফে তাঁদের প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
সব জায়গার ভোট শান্তিপূর্ণ হয়নি, স্বীকারোক্তি কমিশনারের









