নজরবন্দি ব্যুরো: দেশে বেড়েই চলেছে সবজির দাম আর এরফলে পকেটে বেশ টান পড়ছে মধ্যবিত্তদের। এহেন পরিস্থিতিতে হঠাৎ করেই বাজারে সবজি কিনতে হাজির অর্থমন্ত্রী। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থমন্ত্রীর সবজি কেনার ভিডিও ও ছবি। একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন: পরাজিত আসনগুলিতে বিশেষ নজর বিজেপির, ময়দানে নামছেন নমো


সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এক সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কেনেন। অর্থমন্ত্রী চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর পথে তিনি বাজারে গিয়ে সবজি কেনেন।
শুধু সবজি কেনাই নয় তিনি কথা বলেন বাজারে উপস্থিত জনতার সঙ্গেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণেই খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার বেড়েছে। গত জুলাইয়ের ৬.৬৯ শতাংশ থেকে অগস্টে তা বেড়ে ৭.৬২ শতাংশ হয়েছে। গত বছরের অগস্টেই এই খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৩.১১ শতাংশ।

অর্থমন্ত্রীর শাকসবজি কেনার এই ভিডিওটি নির্মলা সীতারমনের অফিসের (Nirmala Sitharaman’s Office) টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। অর্থমন্ত্রীও এই টুইটটি রিটুইট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অর্থমন্ত্রী গাড়ি থেকে নেমে একটি দোকান দাঁড়িয়ে ঝুড়ি তুলে সবজি কিনছেন। ভিডিওতে দেখা যাচ্ছে দোকানদারের কাছে সবজির দর জানতে চাইছেন মন্ত্রী।


সবজি কিনতে আচমকাই বাজারে হাজির কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভাইরাল ভিডিও

তার পর নিজের হাতে সবজি বেছে নিয়ে ওজন করতে দিচ্ছেন। মন্ত্রীকে বাজার করতে দেখে এগিয়ে আসনে বাজারে আসা লোকজন। তাঁরা সীতারমনের সঙ্গে আলাপচারিতা করেন। নির্মলার অফিসের তরফে টুইট করে লেখে, ‘চেন্নাইতে একদিনের সফরে গিয়ে মাইলাপুরের বাজারে নির্মলা সীতারমন। স্থানীয় ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও সবজি কেনেন তিনি।’








