নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কলকাতা পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গণনার সম্ভাব্য দিন ২১ ডিসেম্বর। গণনা নিয়ে চুড়ান্ত ঘোষণা পরে হবে বলে জানিয়েছে কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। ১৪৪ টি ওয়ার্ডে হবে নির্বাচন। বৃহস্পতিবার থেকেই শুরু হল আদর্শ আচরণবিধি।
আরও পড়ুনঃ ডিসেম্বরেই পুরভোট কলকাতায়, বিজ্ঞপ্তি জারি কমিশনের
নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৌরভ দাস জানিয়েছেন, ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ৪৭৪২ বুথে হবে নির্বাচন। ৩৮৫ অতিরিক্ত বুথ রয়েছে। ১৭০৭ প্রিমিসেস রয়েছে। সন্ধ্যে ৭ টা অবধি মিছিল করা যাবে। মুলত ছোট র্যালির ওপর জোর দেওয়া রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের জন্য ৫ জন যেতে পারবে।
১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্ববর থেকে শুরু হবে স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ কমিশনের। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবেন? এর উত্তরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ডিজি দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কলকাতা পুরসভার দিনক্ষন ঘোষণা হলেও এখনও অবধি হাওড়ার পুরভোট নিয়ে কোনও কিছুই জানানো হয়নি। এতে কমিশনের বক্তব্য, যেহেতু রাজ্যের তরফে কোনও কিছু জানানো হয়নি। তাই হাওড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। যদিও তৃণমূল নেতারদের বক্তব্য হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার প্রস্তাব সম্প্রতি পাশ করা হয়েছে। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরে ট্যুইট করে ১৮ টি প্রশ্ন তুলে ধরেছেন তিনি।

নির্বাচনে সমস্ত কোভিড বিধি মেনে চলার নির্দেশ কমিশনের। সেক্ষেত্রে উপনির্বাচনের নীতির ওপরেই নজর কমিশনের। কমিশনের তরফে জানানো হয়েছে, উপনির্বাচনে যে বিধি ছিল এবারেও সেই বিধিই বজায় থাকছে।
অন্যদিকে, কলকাতা সহ রাজ্যের বাকি পুর এলাকাগুলিতে পুরভোটের দাবীতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। একই দিনের সমস্ত পুর এলাকাগুলুতে ভোট করানোর দাবী জানায় বিজেপি। এদিন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়ার পরেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতারা। আজই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট, শুরু তৃণমূল বনাম বিজেপি তরজা

অন্যদিকে, বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপি তরজা। একদিনে কেন ভোট করানো হচ্ছে না? গোটা বিষয়টি পরিকল্পনামাফিক। এমনটাই জানিয়েছেন বিজেপির সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছে, বিধানসভা নির্বাচন যখন হল তখন ৮ দফার নির্বাচনকে স্বাগত জানিয়েছিলেন দিলীপ ঘোষরা। এখন একাধিক দফার নির্বাচনের বিরোধিতা কেন করছেন? “একই অঙ্গে কত রূপ”। দিলীপকে কটাক্ষ ফিরহাদের।



