নজরবন্দি ব্যুরোঃ করোনার আবহে শিশু, বৃদ্ধ ও মহিলাদের জন্য নয়া উদ্যোগ কেন্দ্রের। করোনার জেরে বেসামাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। কোনও ভাবে সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছেনা। রেকর্ড গড়ছে মৃত্যুর সংখ্যা। প্রিয়জনদের হারিয়ে অসহায়, অনাথ হয়ে পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুনঃ দীর্ঘ ৮ বছর পর ধর্ষণ মামলায় বেকসুর খালাস তরুণ তেজপাল।


নির্দেশিকায় বলা হয়েছে, “করোনা আবহে অনাথ শিশু, মহিলা এবং বৃদ্ধদের সহায়তায় অনেকে রাজ্যই বেশ কিছু পদক্ষেপ করেছে। বিপর্যস্তদের সবরকম সাহায্য যাতে করা যায়, সেজন্য রাজ্য সরকারগুলি নিজেদের মেশিনারি ব্যবহারও করেছে। কিন্তু কঠিন পরিস্থিতিতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। সব রাজ্যকে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন সেই ব্যবস্থাপনা নতুন করে খতিয়ে দেখে। বিশেষ করে অনাথ শিশু, সিনিয়র সিটিজেন, পিছিয়ে পড়া মানুষগুলি সব সুবিধা পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে।” এর পাশাপাশি মহিলাদের হেল্প ডেস্ক আরও উন্নত ও সক্রিয় করার জন্য ১০৭ কোটি ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সমাজের অনাথ শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজীব গান্ধী নবোদয় বিদ্যালয়ে এই সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার জন্য মোদির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
দিল্লি, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও কর্ণাটক সরকার ইতিমধ্যেই রাজ্যের অনাথ শিশুদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। এবার শিশু, নারী ও বৃদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে ও তারা যাতে সব রকম সহায়তা পায় তার জন্য রাজ্যগুলিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।









