নজরবন্দি ব্যুরো: আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করা অনেক দূরের কথা, শেষ পর্যন্ত বাবর আজম শাহিন শাহ আফ্রিদিরা এদেশে পা রাখেন কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা কাটলেও, এখনও প্রতিবেশী দেশের কাপ যুদ্ধে অংশ নেওয়া নিয়ে জটিলতা তুঙ্গে।
আরও পড়ুন: ৫০এ পা দিলেন ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ
কারণ ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এবার পাক সরকারের দিকে বল ঠেলে দিল পিসিবি। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির এক মন্তব্যে এমনই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে। পিসিবি প্রধান জানিয়েছেন, ভারতে বিশ্বকাপে যোগদানের বিষয়টি এখন তাদের সরকারের অনুমোদন সাপেক্ষ।

তিনি এদিন বলেন, “ভারত এবং পাকিস্তান দুই দেশের ক্রিকেট ম্যাচে তাদের ক্রিকেট দলের যোগদানের বিষয়টি কখনই বিসিসিআই বা পিসিবি সিদ্ধান্ত নেয় না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাদের সরকার।” পিসিবি প্রধানের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনেই এশিয়া কাপ সংগঠিত হচ্ছে।
ভারতে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান? তৈরি হল নতুন জটিলতা

তারপরেই এমন মন্তব্য পিসিবি চেয়ারম্যানের। তিনি আরও বলেন, “আমরা বিশ্বকাপের সময় আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলব কিনা এই প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করার মানে হয় না। সময় এলে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমরা বিশ্বকাপ খেলতে যাব কিনা। তারপর আমরা সিদ্ধান্ত নেব আমরা কোথায় কোথায় ম্যাচ খেলব।”




