নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি থেকে শুরু করে কয়েক রাউন্ড গুলি, শাসক-বিরোধীর সংঘর্ষ, কার্যত উত্তেজনার সৃষ্টি হয়েছিল এলাকায়। এরইমধ্যে ভাঙড়ের বিধায়ক নিরাপত্তা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া চিঠিতে আশঙ্কা জানিয়েছিলেন তিনি খুন হয়ে যেতে পারেন। ৪৮ ঘন্টার মধ্যে পদক্ষেপ করল কেন্দ্র।
আরও পড়ুন: দিনের শুরুতেই অন্ধকারাচ্ছন্ন কলকাতা, প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি শহরবাসীর
জানা গিয়েছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন। তবে নিরাপত্তা বিষয়ক দিকটি দেখাশোনা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ। তাই বিধায়কের চিঠি তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর যাবতীয় বিবেচনার পর নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নওশাদ সিদ্দিকীকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। এবিষয়ে গ্রীন সিগন্যাল দিতে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে খবর।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় অভিযোগ জানাতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। কিন্তু মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকার কারণে সাক্ষাৎ সম্ভব হয়নি বলেই জানিয়েছিলেন তিনি। এরপরই খুন হয়ে যাওয়ার আশঙ্কা জানান নওশাদ। তাঁর আর্জিতে বিবেচনা করে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় এবার থেকে ভাঙড়ের বিধায়কের সঙ্গে ২২ জন নিরাপত্তারক্ষী থাকবে বলে খবর।

অন্যদিকে, আইএসএফ ও বিজেপির গোপন আঁতাত নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতাদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনে ঘাসফুল শিবির। এবার নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এনিয়ে তৃণমূলের তরফে কী প্রতিক্রিয়া আসে সেদিকেই থাকবে নজর।
খুন হতে পারেন নওশাদ! ৪৮ ঘন্টার মধ্যেই পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা




