নজরবন্দি ব্যুরোঃ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মিছিলে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ অন্যান্য নেতারা। বুধবার তাঁদের আদালতে পেশের সময় রাজ্য সরকারকে কটাক্ষ করতে দেখা যায় আইএসএফ বিধায়ককে। তাঁর কথায়, যা চলছে হেনস্থা ছাড়া কিছু নয়।
আরও পড়ুনঃ Calcutta High Court: পরিশ্রম দিয়েছেন, তাই টাকা ফেরত দিতে নারাজ বাতিল কর্মপ্রার্থীরা


এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় নওশাদকে। আদালতে প্রবেশের সময় রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে ভাঙড়ের সাংসদ বলেন, আমার বিরুদ্ধে এখনও কোনও প্রমাণ দেখাতে পারবে না। আজ অবধি কাউকে মারো, ধরো এ সব বলছি বলতে পারবে না। এমন একটি শব্দও বলিনি। যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না। আমি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যেমন বলি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষের জন্যও কথা বলি। সেটা বলবই।

২১ জানুয়ারি থেকে জেল হেফাজতে রয়েছেন নওশাদ সহ অন্যান্য নেতারা। আজ জেল হেফাজতের মেয়াদ শেষে তাঁদের আদালতে পেশ করা হয়েছে। গতকাল কলকাতার পর আজ ভাঙড়ের বুকে মিছিলের ডাক দিয়েছে আইএসএফ ও বামেরা। ইতিমধ্যে মিছিলের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আসবে সিদ্ধান্ত। অন্যদিকে, ভাঙড় জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বিরোধীদের মিছিলে কোনও অশান্তি যাতে না ছড়ায়, সেকারণে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী।
যা চলছে হেনস্থা ছাড়া কিছু নয়, বিস্ফোরক নওশাদ

এদিন আদালতে প্রবেশের সময় আইএসএফ নেতাদের বলতে শোনা যায়, জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের দুধে ভাতে রাখা হয়েছে। আমাদের উপর মানসিক অত্যাচার চলছে। উনি ভাবছেন, এ ভাবে আমাদের আটকে রেখে পঞ্চায়েত ভোট করবেন। কিন্তু লড়াই জারি থাকবে।









