শেষবার ২০১৯ সালে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার পাঁচ বছর পর রাশিয়া যাচ্ছেন তিনি। সঙ্গে যাবেন অস্ট্রিয়াতেও। বিগত কয়েকদিন ধরেই মোদির এই রাশিয়া সফর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ভারতের বিদেশমন্ত্রক আজ, বৃহস্পতিবার জানিয়ে দিল, আগামী ৮ ও ৯ তারিখ রাশিয়াতে থাকবেন প্রধানমন্ত্রী। ৯ তারিখেই আবার উড়ে যাবেন অস্ট্রিয়া। দীর্ঘ ৪১ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনায়ক অস্ট্রিয়া যাচ্ছেন।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পর এটাই নরেন্দ্র মোদির দ্বিতীয় বিদেশ সফর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। অংশ নেবেন ২২ তম রাশিয়া-ভারত বার্ষিক সামিটে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, “দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন মোদি ও পুতিন। সঙ্গে পারস্পরিক সম্পর্ককে উন্নততর করা ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময় করবেন দুই রাষ্ট্রপ্রধান।”



পুতিনের সঙ্গে মোদির শেষবার দেখা হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। উজবেকিস্তানে আয়োজিত শাংহাই কোর্পরেশন সংস্থার সামিটে। ২০২১ সালে নয়া দিল্লিতে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও দু’দেশের মধ্যে চলছে সংঘর্ষ। এই যুদ্ধের নিন্দা জানালেও রাশিয়ার পাশেই ছিল ভারত।
5 বছর পর রাশিয়া সফরে মোদি, যাবেন অস্ট্রিয়াতেও



অন্যদিকে, ১৯৮৩ সালে শেষবার ভারতের রাষ্ট্রপ্রধান হিসাবে ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া গিয়েছিলেন। এরপর আবার যাচ্ছেন মোদি। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান দের বেল্লের সঙ্গে বৈঠক করবেন তিনি। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে উন্নতি করার জন্যই এই বৈঠক হবে বলে সূত্রের খবর।







