মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে যান তিনি। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার-কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট।
আরও পড়ুন: ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে



প্রধানমন্ত্রীর মনোনয়নপেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এনডিএ শরিক দলের নেতারা। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী।



সমগ্র বারাণসীর পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে বারাণসী জেলাশাসকের দফতরও। এদিন কালভৈরব মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে মনোনয়নপত্র জমা দেন মোদি। সকালেই সেখানে পৌঁছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দশাশ্বমেধ ঘাটে এদিন সকালে গঙ্গাপ্রণাম করেন নরেন্দ্র মোদি। গঙ্গার ঘাটে পুজো করেন নমো। উল্লেখ্য, সোমবার বারাণসীতে পৌঁছন মোদি। ৬ কিলোমিটার রোড শো করেন। বিপুল মানুষের ভিড় ছিল তাঁকে দেখতে। বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী।







