নজরবন্দি ব্যুরোঃ চিকিত্সা শিক্ষায় বিশেষ ‘অবদান’, নোবেল প্রাইজ পাচ্ছেন নরেন্দ্র মোদি! কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্টের নাম বাছাই হওয়ায় হইচই পড়ে গিয়েছিল। এমনকি মোদী তাঁকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছিলেন। এবার সয়ং নিজেই পাচ্ছেন এই পুরস্কার। তবে তা একটু অন্যভাবে। আসলে পুরস্কারটির নাম আইজি নোবেল প্রাইজ। কিন্তু কেন তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হলেন?
আরও পড়ুনঃ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ! আচ্ছে দিন?


আইজি নোবেলটিকে পুরস্কার বলা ঠিক হবে না। কার্যত ব্যঙ্গাত্মকভাবে এই আইজি নোবেল দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার কী করলেন? বলা হচ্ছে, “করোনা মহামারীর সময় তিনি বিশ্ববাসীকে বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব রয়েছে। আর তা বিজ্ঞানীদের চেয়ে অনেকাংশে বেশি।”
আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির চিকিত্সা শিক্ষায় বিশেষ ‘অবদান’ রয়েছে। তবে তিনি একা নন, এ বছর তাঁর সঙ্গে এই পুরস্কার প্রাপকদের তালিকায় আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ আরও অনেক রাষ্ট্রনায়েক। অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে প্রতি বছর ব্যঙ্গ করে এই নোবেল পুরস্কার বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া হয়ে থাকে।
সাধারণত, কোনও ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ধরে পুরস্কার প্রাপককে বাছাই করা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা। একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি এই পুরস্কার পাচ্ছেন৷


প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। ‘আগ্রাসী শান্তিপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। এবার সেই তালিকায় নাম জুড়ল বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রীরও।








