নন্দীগ্রামে বিজেপি নেতার সঙ্গে সফর নির্বাচন কমিশনের সিইও মনোজের! শাস্তির দাবিতে জ্ঞানেশকে চিঠি তৃণমূলের

নন্দীগ্রামে সফর ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল, বিজেপি নেতার সঙ্গে ঘোরার ছবি দেখিয়ে কমিশনে শাস্তির দাবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নির্বাচনের আগেই নন্দীগ্রামে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সফর করার অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস। শুধু অভিযোগই নয়, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল, যা ভোটের নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তাঁদের দাবি, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে জেলা সফরের সময় সিইও মনোজ আগরওয়াল বিজেপির স্থানীয় কো-অর্ডিনেটর তপন মহাপাত্রর সঙ্গে গ্রামে গ্রামে ঘুরেছেন। এই ঘটনার ছবি ও তথ্যও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

Shamim Ahamed Ads

তৃণমূলের বক্তব্য, নির্বাচন ঘোষণার পর প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের এই ধরনের আচরণ প্রশ্নের মুখে ফেলছে গোটা প্রক্রিয়াকেই। দলের অভিযোগ, এটি শুধু প্রোটোকল ভঙ্গ নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত।

কুণাল ঘোষ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কিছু অংশ বিজেপির সুবিধা করে দিতেই সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর কথায়, “বাংলায় বিজেপির সংগঠনিক দুর্বলতা ঢাকতে কমিশনের কিছু আধিকারিক সরাসরি তাদের হয়ে কাজ করছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা তারই প্রমাণ।”

এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তবে রাত পর্যন্ত কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে ভোটের আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত