মঙ্গলবার বিকেলে আচমকা বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসাধীন গায়ক নচিকেতা চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতেই তাঁর এই সফর। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটের পর তাঁকে হাসপাতালে দেখা যায় এবং প্রায় ১৫ মিনিট তিনি ভিতরে অবস্থান করেন।
মুখ্যমন্ত্রী গায়কের চিকিৎসার প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে চান। চিকিৎসক দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন নচিকেতা কোন চিকিৎসায় কীভাবে সাড়া দিচ্ছেন। ঘনিষ্ঠ মহলের বক্তব্য, নচিকেতাকে নিজের ‘ভাই’ হিসেবেই দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সচেতন থাকার পরামর্শও দেন। মৃদু শাসনের সুরে বলেন— কাজের চাপ থাকলেও নিয়মিত শরীরের যত্ন নেওয়া প্রয়োজন।

গত শুক্রবার গভীর রাতে হঠাৎই বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট ও অতিরিক্ত ঘাম অনুভব করেন নচিকেতা চক্রবর্তী। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়েছে।
পরিস্থিতি বিবেচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সম্মতিতে তাঁর হৃদপিণ্ডে দুটি স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে গায়ক স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা বার্তা আসছে নানা মহল থেকে।







