নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরকে বদলে দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাশ্বতগোপাল মুখোপাধ্যায়ের জায়গায় রাজ্য সরকারি আইনজীবী করা হয়েছে দেবাশীষ রায়কে। রাজনৈতিক মহলে গুঞ্জন, লাগাতার একের পর এক মামলায় ধাক্কা খাওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিল নবান্ন।
আরও পড়ুন: সরকারি জমিতে পার্টি অফিস তৈরির অভিযোগ, আরাবুলের সাফাই বাম আমলে এসব আকছার হত!


প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি রাজশেখরনকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে ডাকা হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটককেও। বলা যেতে পারে এই বৈঠকের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সরকারি আইনজীবীকে বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

শুধু সরকারি আইনজীবীই নয় সরানো হতে পারে হাইকোর্টে রাজ্য সরকারের বর্তমান অ্যাডভোকেট জেনারেলকেও। এতদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে তিনি সেই পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন। সূত্রের খবর, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বদলে অ্যাডভোকেট জেনারেল করা হতে পারে কিশোর দত্তকে। তবে, এখনো তা চূড়ান্ত হয়নি।
![]()


পর পর একাধিক মামলায় ধাক্কার জের, হাইকোর্টের সরকারি আইনজীবীকে সরাল নবান্ন
রাজনৈতিক মহলের জল্পনা, নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে বারবার মুখ পুড়ছে রাজ্য সরকারের। আইনমন্ত্রী মলয় ঘটকের কাজেও যথেষ্ট খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণেই সোমবার রাজ্যের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তিনি। আর এই বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে বদলে গেল কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী এবং খুব সম্ভবত রাজ্য সরকারের বর্তমান অ্যাডভোকেট জেনারেলও সরে যেতে পারেন।








