নজরবন্দি ব্যুরো: ইঞ্জিনের ব্লেডে আচমকা ধাক্কা! একটুর জন্য রক্ষা পেল মুম্বইগামী বিমান। বিমান চালকের তৎপরতায় রক্ষা পায় বিমানটি। ঘটনাটি ঘটেছে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। জানা গিয়েছে, ওই বিমানটি তে ১১৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। তবে বর্তমানে তাঁরা সকলেই সুস্থ আছেন। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।



বিমানবন্দরের সূত্রের খবর, সোমবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এ আই ৬৭৬ বিমানে চড়ে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি টেক অফ করার কিছুক্ষণ আগেই পাইলট বুঝতে পারেন যে বিমানটির ডান দিকের ব্লেড বেঁকে রয়েছে। এরপরেই সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দেন ওই পাইলট।



এরপরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতায় বিমানে থাকা সকল যাত্রীদের নীচে নামিয়ে আনা হয়। যেহেতু উড়ানের আগেই পুরো বিষয়টি ধরা পড়ে যায়, সেই কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে বলেই জানিয়েছে বিমান বন্দরের কর্তৃপক্ষ।
ইঞ্জিনের ব্লেডে আচমকা ধাক্কা, বিমান চালকের তৎপরতায় রক্ষা পায় বিমানটি

শেষ পাওয়া সংবাদ অনুযায়ী, বর্তমানে ওই বিমান থেকে সকল যাত্রীদের নামিয়ে সেটি মেরামত চলছে। সাত সকলে এমন ঘটনায় বেশ ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে বিমান যাত্রীদের। তবে এই ঘটনায় বিমান বন্দরের কর্তৃপক্ষের প্রাথমিকভাবে অনুমান, মুম্বই থেকে কলকাতা আসার পথেই বিমানটির ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। যার ফলে এই ঘটনা।








