নজরবন্দি ব্যুরো: বৃষ্টিতে ভিজে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঝাঁঝালো বক্তব্য রাখছেন। বক্তব্য প্রায় শেষের পথেই। এমন সময় আচমকা ধর্মতলায় দেখা গেল চাণক্যকে। বঙ্গ রাজনীতিতে চাণক্য নামে একজনই পরিচিত, তিনি হলেন মুকুল রায়। আজ তৃণমূলের শহিদ দিবসের শেষলগ্নে পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে উপস্থিত হলেন তিনি। দূর থেকে কি মমতার ভাষণ শুনে গেলেন মুকুল?
আরও পড়ুন: দিল্লির পার্লামেন্টে ঢুকতে দেব না, অভিষককে পাল্টা শাসানি শুভেন্দুর
নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়ে যাওয়ায় একুশের সমাবেশে আসতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। ২০২১ সালে প্রয়াত হয়েছেন সুব্রত মুখ্যোপাধ্যায়। আর তৃতীয় জন হলেন মুকুল রায়, যিনি একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন। ভাবা হয়েছিল এই ত্রয়ীর কেউই আজ থাকবেন না। কিন্তু অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে মুকুল রায় গাড়ি থেকে নামলেন। ছেলে শুভ্রাংশু সকাল থেকেই ছিলেন শহিদ মঞ্চেই। তিনি এগিয়ে এসে হাত ধরে বাবাকে সামনে নিয়ে গেলেন। যদিও মঞ্চে ওঠেন নি মুকুল রায়।

২০১৯ লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। আবার একুশের বিধানসভায় কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জিতেই ফুলবদল করে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন চাণক্য। এরপর থেকেই মাথায় সমস্যা দেখা দেয় তাঁর। তিনি তৃণমূলে আছেন না বিজেপিতে তা তিনি নিজেও ঠিক করে বলতে পারেন না। ছেলে শুভ্রাংশুর কথায় বাবার শরীরে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়েছে তাই মাথা ঠিক করে কাজ করছে না।

আবার কিছু দিন আগেই শোনা গিয়েছিল, মুকুল রায় নিখোঁজ। যা জানিয়েছিলেন খোদ তাঁর পুত্র শুভ্রাংশু। এরপর হঠাৎ করেই দিল্লিতে উদয় হন মুকুল। অসংলগ্নভাবে সেদিনও বলেন তিনি নাকি বিজেপিতে আছেন। জল্পনাও তৈরি হয় তিনি আবার না বিজেপিতে যোগদান করেন। কিন্তু মুকুল তা করেননি। তবে, তৃণমূলও আর বাড়তি গুরুত্ব দেখাতে চায় না একসময়ের তাঁদের ভরসাযোগ্য নেতাকে। এবার একুশের সভায় এসে কি মুকুল প্রমাণ করলেন যে তৃণমূলই তাঁর বর্তমান, এবং ভবিষ্যতও?
আচমকাই ধর্মতলায় চাণক্য! দূর থেকে মমতার ভাষণ শুনে গেলেন মুকুল?




