নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে চার হাজারের বেশি বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্যের সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা। শহরগুলির মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি আশঙ্কা জাগাচ্ছে। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মার্চ মাসের প্রায় দ্বিগুণ।
আরও পড়ুনঃ ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? না থিম হাইজ্যাকড হল? প্রশ্ন তুললেন কুণাল


স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। একদিনে কোভিডের বলি দেশের ১৫ জন, যা শনিবারের তুলনায় সামান্য কম। একাধিকবার কোভিড পজিটিভ হওয়ার নমুনাও সামনে আসছে। সংক্রমণ বাড়তে থাকায় ৫ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

শনিবারের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ, যা উদ্বেগজনকই বটে। সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। একমাস পর পজিটিভিটি রেট দাঁড়াল ১.০৩ শতাংশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪,৩১,৭৬,৮১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তার মধ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২৪,০৫২।



স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশ জুড়ে ৫,২৪,৬৯২ জন কোভিডের শিকার হয়েছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বেশি চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র। মুম্বই, থানে -সহ মহারাষ্ট্রের বহু শহরে সংক্রমণ বাড়ছে।

দেশ জুড়ে চার হাজারের বেশি করোনা আক্রান্ত, চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গত চার দিনে সক্রিয় রোগীর সংখ্যা ৩,০৯৫। অথচ গোটা মার্চ মাসে জুড়ে সক্রিয় রোগী ছিলেন ১,৫১৯ জন। এপ্রিলে ওই সংখ্যাটি ছিল ১,৭৯৫। বিএমসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, গোটা রাজ্যের ৬০ শতাংশ রোগী শুধুমাত্র মুম্বইয়েই রয়েছেন।







