লোবেরা যুগ শেষ! নতুন স্প্যানিশ কোচের পথে মোহনবাগান, বড় বদলের ইঙ্গিত সবুজ-মেরুনে

সের্জিও লোবেরার বিদায় প্রায় নিশ্চিত। নতুন মরশুমে এক নতুন স্প্যানিশ কোচের হাতে দায়িত্ব তুলে দিতে চলেছে মোহনবাগান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন মরশুমের আগেই বড়সড় বদলের পথে মোহনবাগান সুপার জায়ান্ট। সের্জিও লোবেরা যে আর দলের দায়িত্বে থাকছেন না, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এখন সবুজ-মেরুন শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন— নতুন কোচ কে? আর সেই উত্তর খুঁজতেই চমকপ্রদ পথে হাঁটছে বাগান ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, এ বার কোনও পরিচিত ভারতীয় মুখ নয়, বরং নতুন এক স্প্যানিশ কোচের হাতেই দায়িত্ব তুলে দিতে চলেছে মোহনবাগান। ক্লাব এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করলেও কোচ বাছাইয়ের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত মোহনবাগান তাদের ফুটবল দলে বিদেশি কোচ হিসেবে মূলত স্প্যানিশ ধারার উপরই ভরসা রেখেছে। সেই ধারাই বজায় থাকতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। তবে সম্ভাব্য নতুন কোচ ভারতীয় ফুটবলমহলে খুব পরিচিত নাম নন।

এদিকে, একই সময়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো-র ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। আইএসএল জয়ের পরও তাঁর ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত নয় বলে ফুটবলমহলের ধারণা।

কোচ পরিবর্তনের পাশাপাশি দল গঠনেও বড়সড় রদবদলের পথে বাগান। বিদেশি ফুটবলারদের মধ্যে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আলাদিন আজ়েরাই-কে। নর্থইস্ট ইউনাইটেড-এর হয়ে গত মরশুমে গোল্ডেন বুট জয়ী এই ফরোয়ার্ডকে দলে টানতে মরিয়া মোহনবাগান।

অন্যদিকে কয়েকজন পরিচিত ফুটবলারের বিদায় প্রায় নিশ্চিত। গ্লেন মার্টিন্স, আমে রানাওয়াড়ে এবং দিমিত্রি পেত্রাতোস-কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এছাড়া টম অলড্রেডজেমি ম্যাকলারেন-এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

তবে দল গঠনের এই পরিকল্পনার মাঝেই বড় চিন্তা ভারতীয় ফুটবলের অনিশ্চিত সূচি। এখনও আইএসএলের কর্পোরেট পার্টনার এবং পূর্ণাঙ্গ ক্যালেন্ডার চূড়ান্ত হয়নি। ফলে আগামী মরশুম কবে শুরু হবে, কত ম্যাচ হবে বা অন্য টুর্নামেন্টের সময়সূচি কী— তা নিয়ে স্পষ্টতা নেই।

এই অনিশ্চয়তার জেরেই বিদেশি কোচ ও ফুটবলারদের এজেন্টরা ভারতীয় ক্লাবগুলির সঙ্গে চুক্তির ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক বলে ফুটবলমহলের মত।

সব মিলিয়ে নতুন কোচ, নতুন বিদেশি এবং নতুন পরিকল্পনা নিয়ে বড় রদবদলের দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর