আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠলেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য, আইপিএলেও কার্যকর পারফরম্যান্স— তবু জাতীয় দলে জায়গা হল না বাংলার অভিজ্ঞ পেসারের। নির্বাচক প্রধান অজিত আগরকরের মন্তব্য ঘিরেই এখন জোর জল্পনা, তবে কি শামির আন্তর্জাতিক কেরিয়ারের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে?
জুন মাসে ভারতের মাটিতে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে আফগানিস্তান। সেই সিরিজের জন্য ঘোষিত দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। টেস্ট দলে জায়গা পেয়েছেন মানব সুথার, গুর্নুর ব্রার এবং হর্ষ দুবেরা। ওয়ানডে দলেও প্রিন্স যাদব ও হর্ষ দুবের মতো তরুণ ক্রিকেটারদের উপর ভরসা দেখিয়েছে নির্বাচকরা।


তবে দল ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে— মহম্মদ শামি কোথায়? দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার হওয়া সত্ত্বেও কেন তাঁকে বিবেচনায় আনা হল না?
এই প্রশ্নের উত্তরে নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, শামির টেস্ট প্রত্যাবর্তন নিয়ে কোনও আলোচনা হয়নি। তাঁদের কাছে যে তথ্য রয়েছে, তাতে শামি এখন মূলত টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত বলেই জানা গেছে। যদিও সেই তথ্যের উৎস বা মেডিক্যাল মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আগরকরের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে— অন্তত এই মুহূর্তে শামিকে ওয়ানডে বা টেস্টের পরিকল্পনায় রাখা হচ্ছে না। আর সেটাই নতুন করে প্রশ্ন তুলছে, জাতীয় দলের দীর্ঘমেয়াদি ভাবনায় কি আর জায়গা নেই অভিজ্ঞ এই পেসারের?


কারণ পরিসংখ্যান অন্য কথা বলছে। ৩৫ বছর বয়সেও ঘরোয়া ক্রিকেটে নিজের ধার বজায় রেখেছেন শামি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে একাই নিয়েছেন ৮ উইকেট। পুরো মৌসুমে ৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৭ উইকেট। বিজয় হাজারে ট্রফিতে নিয়েছেন ১৫ উইকেট। আইপিএলেও এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ১০ উইকেট।
বারবার মাঠে পারফরম্যান্স দেখিয়েও জাতীয় দলের দরজা খুলছে না। মহম্মদ শামি নিজেও অতীতে একাধিকবার জানিয়েছেন, তিনি দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে প্রস্তুত। কিন্তু নির্বাচকদের ভাবনায় আপাতত অন্য সমীকরণই কাজ করছে। এখন দেখার, অভিজ্ঞতার উপর আবার ভরসা করে কি না টিম ইন্ডিয়া, নাকি শামির আন্তর্জাতিক অধ্যায় সত্যিই শেষের দিকে এগোচ্ছে।
আফগানিস্তানের বিরুদ্ধে
ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, হর্ষ দুবে
আফগানিস্তানের বিরুদ্ধে
টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুর্নুর ব্রার, ধ্রুব জুরেল।











