নেদারল্যান্ডসে মোদির কূটনৈতিক বার্তা! দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিশা

দ্য হেগে নরেন্দ্র মোদি ও রব জেটেনের বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি ও গ্রিন এনার্জিতে সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইউরোপ সফরে গিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিল ভারত। শনিবার দ্য হেগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্য থেকে প্রতিরক্ষা, প্রযুক্তি থেকে গ্রিন এনার্জি— একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের পর নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় অংশীদার বলেও উল্লেখ করেন মোদি।

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি নেদারল্যান্ডসে পৌঁছন। শনিবার দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার পর ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি বিনিয়োগ, সবুজ শক্তি, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রের দাবি, ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতাও হয়েছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, “গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্ক উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়েছে। নেদারল্যান্ডস ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার।” তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।

মোদির কথায়, “উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।” অন্যদিকে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনও ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার পক্ষে জোরালো বার্তা দেন।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক প্রভাব আরও বাড়ানোর ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রযুক্তি ও গ্রিন এনার্জি ক্ষেত্রে যৌথ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন