নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগেই কিন্তু আজ রাজধানী শহর ভোপালে গিয়ে গরম ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নকশালপন্থীদের সঙ্গে যোগ রয়েছে হাত শিবিরের। পাশাপাশি, শতাব্দী প্রাচীন দলকে ‘মরচে পড়া লোহার’ সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ পালিয়েও রেহাই মিলল না, পুলিশের জালে দত্তপুকুরকাণ্ডের মূল অভিযুক্ত
প্রসঙ্গত, ২০১৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে জয়লাভ করেছিল কংগ্রেস। যদিও সেই সরকার দু’বছরও স্থায়ী হয়নি। একাধিক নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় পতন হয় কমল নাথ সরকারের। মধ্যপ্রদেশেও বিজেপি ক্ষমতায় আসে। ম্যখ্যমন্ত্রী হন শিবরাজ সিংহ চৌহান। এই মুহূর্তে কিন্তু আবার অনেক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা হলেও সতর্ক।

আজ নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে দীর্ঘ দিন কংগ্রেস মধ্যপ্রদেশ শাসন করেছে। তাঁদের আমলেই মধ্যপ্রদেশ সব দিক থেকে পিছিয়ে গিয়েছে। এই দলের সঙ্গে যুক্ত নেতারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে আরবান নকশালদের।’’
সঙ্গে তিনি আরও বলেন, “কংগ্রেস তার ইচ্ছাশক্তি হারিয়েছে। তৃণমূল স্তরের কংগ্রেস নেতারা চুপচাপ বসে রয়েছেন। তাঁদের মুখ বন্ধ। প্রথমে কংগ্রেস ভেঙেছে, তারপর তা দেউলিয়া হয়েছে, এবার তারা তাদের কন্ট্র্যাক্ট অন্য কাউকে দিয়েছে। কংগ্রেসের নেতারা মুখে রুপোর চামচ নিয়ে জন্মেছেন, ফলে দরিদ্রদের তাঁদের কাছে কোনও দাম নেই। তাঁদের কাছে দরিদ্র মানুষের বাড়ি, এলাকা, শুটিংয়ের লোকেশন হয়ে গিয়েছে। এটা তাঁরা আগেও করেছেন। একমাত্র বিজেপি সরকার বিশ্বের সামনে ভারতের উজ্জ্বল ও উন্নত ছবি তুলে ধরছে।”

কংগ্রেসের সঙ্গে নকশালযোগ? ‘মরচে পড়া লোহার’ সঙ্গে তুলনা করে মধ্যপ্রদেশে গরম ভাষণ মোদীর!
চলতি বছর ছত্তীসগঢ়, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরাম এবং মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিগত কয়েক মাসে সে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা বিজেপি ছেড়ে আবার কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিভিন্ন জনমত সমীক্ষা ইতিমধ্যেই মধ্যপ্রদেশে কংগ্রেসকে বিজয়ী ঘোষণা করেছে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসংযোগকারী ভাষণ এবং একাধিক ভোট কৌশলের বিরুদ্ধে কংগ্রেসের জয় পাওয়াটা অতটাও সহজ হবে না বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।




