নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠল আরও এক মন্ত্রীর। এবার সিবিআইয়ের নজরে দমকল মন্ত্রী সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। ৩১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:যে গল্পের খোঁজ ছিল রূপকথায় কিংবা বিদেশী ভাষায়, তা এবার নিজেদের ইতিহাসে, চাঁদে যাপন শুরু ভারতের
দীর্ঘদিন ধরেই পুরসভা নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। গ্রেপ্তার হয়েছেন অয়ন শীল-সহ একাধিক। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে কয়েকমাস আগে একযোগে রাজ্যের ১৪ টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। সেখানেও তল্লাশি চালায় সিবিআই।

বেশ কিছু নথি সংগ্রহ করেন আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে সিবিআই।

জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন যে, বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি মোট ২০০ কোটি টাকা তুলেছিলেন। এর পরেই আতশকাচে আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। পুর নিয়োগে দুর্নীতির তদন্তের ভার সিবিআইকে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেরার মুখে মন্ত্রী সুজিত বসু, ৩১ আগস্ট তলব নিজাম প্যালেসে

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু শীর্ষ আদালত রাজ্যের আর্জি খারিজ করে দেয়। বহাল থাকে পুর নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ।



