নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সিতাইয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কার্যত রণক্ষেত্রে পরিণত হল সিতাই। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। হামলা করা তৃণমূলের সংস্কৃতি। বিস্ফোরক মন্তব্য নিশীথের।
আরও পড়ুনঃ TET Scam: বিস্ফোরক মন্তব্য তাপসের, শুধুমাত্র মানিক নয়, জড়িয়ে ফেললেন পর্ষদকেও
বৃহস্পতিবার কনভয়ে হামলা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ভোটের পর যে সমস্ত কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু তৃণমূলের সাংগঠনিক ভীত নেই। তাঁরা মানুষকে ভয় দেখাচ্ছে। মহিলা-পুরুষ নির্বিশেষে সকলের ওপর হামলা হয়েছে। তৃণমূলের বোঝা উচিত মানুষ তাঁদের পাশে নেই। তাঁদের মাথায় রাখা উচিত মানুষের পাশে থেকে সমর্থন আদায় করতে হয়।

এরপরেই তৃণমূলের বিরুধে সুর চড়িয়ে তিনি বলেন, হামলা করা তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের গুন্ডারা জানে না, আমার মুখোমুখি হলে কী সমস্যা হতে পারে। আমরা প্রশাসনিকভাবে এর মোকাবিলা করব। পুলিশের একটা অংশ তৃণমূ্লের দলদাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত।এমনকি এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পাঠাবেন তিনি। তাঁর দাবি কোচবিহারে তৃণমূল যে দুর্বল তা আগামী পঞ্চায়েত নির্বাচনে আরও একবার প্রমাণিত হবে।
হামলা করা তৃণমূলের সংস্কৃতি, বিস্ফোরক নিশীথ

উল্লেখ্য, কিছুদিন আগেই নিশীথের গোঁফ দাড়ি উপরে ফেলার নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কেউ অশান্তি করতে এলে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করব। ঠিক তারপরেই নিশীথের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।



