বনগাঁকাণ্ডে নতুন মোড়। দোলের আগের দিন বনগাঁ আদালতে অভিনেত্রী Mimi Chakraborty-র বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলেন অভিযুক্ত তনয় শাস্ত্রী। একদিকে ২০ লক্ষ টাকার মানহানি মামলা, অন্যদিকে ফৌজদারি অভিযোগ—ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
তনয়ের আইনজীবী Tarun Jyoti Tiwari জানান, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত না হয়েও ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন মিমি—এই অভিযোগের ভিত্তিতেই দ্বিতীয় মামলা। তাঁর দাবি, অভিনেত্রী দেরিতে পৌঁছে মাত্র ১৫ মিনিট অনুষ্ঠান করেন। রাত ১২টার পর অনুমতি না থাকায় অনুষ্ঠান শেষ করতে হয়। অথচ সমস্ত দায় তনয়ের উপর চাপানো হয়েছে বলে অভিযোগ।

আইনজীবীর বক্তব্য, “মিথ্যা অভিযোগে আমার মক্কেলকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁকে হেনস্থা করা হয়েছে।” সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তনয়।
অন্যদিকে, এই বিষয়ে মিমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি।
ঘটনার আইনি লড়াই এখন আদালতের মঞ্চে। অভিযোগ–পাল্টা অভিযোগের মাঝে নজর বনগাঁ আদালতের পরবর্তী শুনানির দিকে।










