নতুন মরশুমের আগে একের পর এক চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। এর আগেই আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়েছে তাঁরা। আর এবার সেই প্রতিযোগিতারই সবচেয়ে বেশি গোলের পাস বাড়ানো ফুটবলারকে তুলে নিল লাল-হলুদ শিবির। তিনি হলেন, মাদিহ তালাল।
আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত, এরকমই চাইছেন এককালের সতীর্থ বীরু
আগের মরশুমে পাঞ্জাব এফসি-তে ছিলেন মাদিহ। সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক ছিলেন তিনি। সেই মাদিহ তালালকে দু’বছরের জন্য নিজেদের দলে নিল ইস্টবেঙ্গল। ফলে, ইস্টবেঙ্গলের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। একদিকে, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। সঙ্গে আবার সই করেছেন ডেভিড লাললানসঙ্গা। আই লিগে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। দলে রয়েছেন ক্লেটন সিলভা। তিনি আবার সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে সমর্থকদের মধ্যে এই মুহূর্তে উৎসাহের সীমা নেই।



কোচ কার্লোস কুয়াদ্রাতই এই সব খেলোয়াড়দের নির্বাচন করেছেন। তিনি প্রত্যেকেরই খেলা দেখেছেন। মাদিহ তালাল প্রসঙ্গে লাল-হলুদের হেড স্যার বলেছেন, “আইএসএলে তালালের পারফরম্যান্স সকলেরই জানা। পঞ্জাব এফসি-র আক্রমণ ভাগের মূল অস্ত্র ছিল তালাল। বেশ কিছু ক্লাব আগ্রহী ছিল ওকে নিতে। কিন্তু তালাল শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছে।”
দলবদলের বাজারে বিরাট চমক ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই করলেন মাঠ কাঁপানো মিডফিল্ডার



বছর ২৬-এর তালাল আসলে ফরাসি ফুটবলার। পাশাপাশি, ফ্রান্স, স্পেন এবং গ্রিসের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাঞ্জাবের হয়ে ১০টি গোলের পাস বাড়ান তিনি, গোল করেন ৬টি। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন তালাল। বলেছেন, “ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান সম্পর্কে সকলেরই জানা। আমি এই ক্লাবের অংশ হতে পেরে গর্বিত।”







