ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ—প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই অ্যাপগুলি ব্যবহার করতে এবার গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। Meta Subscription পরিষেবা চালুর ফলে নির্দিষ্ট কিছু প্রিমিয়াম সুবিধা পেতে ব্যবহারকারীদের মাসিক সাবস্ক্রিপশন নেওয়ার বার্তা দেখানো শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিষেবার ইঙ্গিত মিলছিল। অবশেষে বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘পেড সাবস্ক্রিপশন’ বা অর্থের বিনিময়ে বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ চালু করেছে। এর আওতায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ।
বর্তমানে ভারতে প্রতি মাসে ৯৯ টাকার বিনিময়ে Facebook Plus এবং Instagram Plus পরিষেবা ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি ছাড়মূল্যে WhatsApp Plus-ও ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু ব্যক্তিগত যোগাযোগ বা বিনোদনের ক্ষেত্রেই নয়, ব্যবসা, বিপণন এবং ব্র্যান্ড প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মগুলি। ফলে নতুন সাবস্ক্রিপশন মডেল অনেক ব্যবহারকারীর কাছেই গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, মেটার আয়ের সবচেয়ে বড় উৎস এখনও বিজ্ঞাপন। সংস্থার সাম্প্রতিক আর্থিক পরিসংখ্যান অনুযায়ী, মোট আয়ের প্রায় ৯৭.৬ শতাংশই এসেছে বিজ্ঞাপন খাত থেকে। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং কৃত্রিম মেধা বা AI-ভিত্তিক পরিষেবার সম্প্রসারণে ব্যয়ও দ্রুত বাড়ছে।
AI প্রযুক্তির উন্নয়ন, ডেটা অবকাঠামো তৈরি এবং বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম পরিচালনার জন্য বিপুল বিনিয়োগ করতে হচ্ছে মেটাকে। সেই কারণেই শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর না করে ব্যবহারকারীদের কাছ থেকেও সরাসরি আয় বৃদ্ধির নতুন পথ খুঁজছে সংস্থাটি।
আগামী দিনে এই সাবস্ক্রিপশন পরিষেবায় আরও নতুন সুবিধা যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কোটি কোটি ব্যবহারকারীর জন্য Meta Subscription ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেটাই দেখার।



