দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে বয়েজ হস্টেলের বাথরুম থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। আত্মহত্যা, না কি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২১)। তিনি বিহারের পাটনার বাসিন্দা বলে জানা গেছে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ওই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার রাতে হস্টেলের বাথরুমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্য পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে দুর্গাপুর থানার অধীন বি-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তের পর দেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
ছাত্রের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন বা পড়াশোনার চাপের কারণে কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, তা জানতে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পরিবারের সদস্যরা এলে তাঁদের সঙ্গেও কথা বলবে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর, বিষয়টি ই-মেলের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে।










