নজরবন্দি ব্যুরো: সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় এই ৩ হেভিওয়েট নেতার চিকিৎসায় ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করল এসএসকেএম হাসপাতাল।
আরও পড়ুনঃ বুধবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভন চটোপাধ্যায়কে।


মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছে হাসপাতালের তিন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান দায়িত্বপ্রাপ্তকে।
মঙ্গলবার এসএসকেএমের সুপার চিকিৎসক পীযূষকুমার রায় জানিয়েছেন,কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠন করা হয়েছে ওই মেডিক্যাল বোর্ড। তিনি ছা়ড়া ওই বোর্ডে রয়েছেন হাসপাতালের মেডিসিন এবং চেস্ট বিভাগের দুই প্রধান। তিন নেতার চিকিৎসার জন্য আপাতত এঁরাই দায়িত্বে থাকবেন। তবে প্রয়োজনে বোর্ডের সদস্য বাড়ানোও হতে পারে জানিয়েছেন পীযূষ।
প্রসঙ্গত উল্লেখ্য,মদন মিত্র মঙ্গলবার ভোররাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে অক্সিজেনও দিতে হয়। হাসপাতালে দেখা করতে আসা বিধায়কের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার বয়সজনিত কিছু দুর্বলতা রয়েছে। অক্সিজেনও চলছে তাঁর।অসুস্থ বোধ করায় মঙ্গলবার ভোরে শোভন কেও ভর্তি করা হয়।










