নজরবন্দি ব্যুরো: ঢাকায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরেই বাংলাদেশের রাজধানীর কৃষি মার্কেটে আগুন লাগে। ঘটনাস্থলে ১৭ টি ইঞ্জিন পৌঁছায়। দমকলকর্মীদের আগুন বেগে আনতে বেশ সময় লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে পাঁচশোটি দোকান। পুজোর আগেই আর্থিক ক্ষয়ক্ষতি হয় ২০০-২৫০ কোটি টাকা। পরিস্থিতি সামাল দিতে সেনা নামাতে হয়।
আরও পড়ুন: অভিষেকের সম্পত্তির খতিয়ান চাইল হাইকোর্ট, সাত দিনের মধ্যে ED-কে জমা দেওয়ার নির্দেশ


ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতো, গয়নার দোকান রয়েছে। জানা যায়, “মহম্মদপুর কৃষি মার্কেটে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, মার্কেটে নিরাপত্তারক্ষীদেরও খুঁজে পাওয়া যায়নি। তালা ও গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।” বৃহস্পতিবার ভোরে আগুন লেগে যায়। ২০ টি সোনার দোকান-সহ পাঁচশোটি পুড়ে ছাই হয়ে যায়। মার্কেটের ব্যাবসায়ীদের কথায়, অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

চলতি বছরেই এপ্রিল মাসে বাংলাদেশে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। বঙ্গবাজারে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেইসময়ে প্রায় ৫০ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। যদিও বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।



প্রসঙ্গত, গতবারের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সময় ঈদের বাজার সাজানোর পণ্য সামগ্রী মজুত করে রাখা ছিল। সবই প্রায় আগুনে ভস্মীভূত হয়ে যায়। এদিকে একমাস পরই দুর্গাপুজো, বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। এমন সময়ে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের জেরে হওয়া ক্ষতি পূরণ হবে কিনা তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে ব্যবসায়ীদের।
ঢাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৫০০ দোকান, ২৫০ কোটির ক্ষয়ক্ষতির আশঙ্কা








