নজরবন্দি ব্যুরোঃ দুয়ারে সরকারের দ্বিতীয় দফার শুরুর দিন থেকেই ব্যাপক ভিড় রাজ্যের সব জেলায়। ফর্ম নিতে রাতভোর থেকে লাইন দিচ্ছেন অনেকেই। কোভিড বিধি মানছেন না বহু মানুষ। প্রথম দিন থেকেই বিশৃঙ্খলার ছবি ফুটে উঠেছে একাধিক জায়গায়।
তৃতীয় দফায় ক্ষমতায় ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ক্ষমতায় ফিরলেই ফিরবে ‘দুয়ারে সরকার’। সেই কথা মতো রাজ্য জুড়ে আজ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় দফার ‘দুয়ারে সরকার’ প্রকল্প। গতবার দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথীর কার্ড এর চাহিদা ছিল তুমুল। এবারও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সাথে স্বাস্থ্যসাথী তো থাকবেই সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন প্রকল্প ‘লক্ষীর ভান্ডার’।

ফলত ভিড় বেড়েছে মানুষের। ভিড় সামলাতে নাজেহাল নেতা কর্মীদের আক্ষেপ, বারবার মাইকিং করলেও শুনছেন না সাধারণ মানুষ। লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে শুরুর দিনেই ব্যাপক জনসমাগমে বীরভূমে পদপিষ্ট হয়েছিলেন প্রায় জন সাতেক মানুষ। ফর্ম বিলিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান থেকে উত্তর চব্বিশ পরগণা শুরুর দিন থেকেই ভিড় ব্যাপক, কোথায় খোয়া গিয়েছে ফোন, কোথাও টাকা।
দুয়ারে সরকার-এর ক্যাম্পে উপছে পড়ছে ভিড়, জেলায় জেলায় বিশৃঙ্খলা।
একই ছবি আজ মালদহে। আজ, বুধবার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মালদহের সাহাপুর হাইস্কুলে। স্থানীয় সূত্রের খবর তাড়াতাড়ি ফর্ম পাবার জন্য ভোর রাত থেকেই লাইন দিয়ে হিলেন বহু বহু মানুষ। নির্দিষ্ট সময়ে স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি করে প্রথমে ঢোকার চেষ্টা করেন সকলেই।
তখনই পড়ে যান অনেকেই। প্রবল ভিড়ে চাপা পড়ে পদপিষ্ট হন কমপক্ষে ৯ জন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কাউকে কাউকে স্কুলের ভেতরেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই পরিস্থিতি দেখে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যসচিব। ইতিমধ্যে কড়া বার্তা পাঠিয়েছেন জেলায় জেলায়। আগেই বলেছিলেন শিবির সংখ্যা বাড়ানোর কথা, করোনা বিধি না মেনে ব্যাপক ভিড়ের ছবিতে ব্যাপক চটেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী।



