ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! ‘জয় মোহনবাগান’ বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় পা রেখেই ফুটবলপ্রেমী বাঙালির মন জয় করে নিলেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আজ, মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দিলেন বিশ্বজয়ী ফুটবলার। আর মার্তিনেজকে দেখতে উপড়ে পড়ল দর্শকদের ভিড়। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও একটি অনাবশ্যক ঘটনা ঘটে গেল। সমর্থকদের ভালোবাসার চাপে ভেঙে গেল মার্তিনেজের গাড়ির কাঁচ। শেষমেশ পুলিশের গাড়িতে মোহনবাগান মাঠের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। যদিও এই গোটা ঘটনায় সামান্যতমও বিরক্ত হননি মার্তিনেজ।

আরও পড়ুন: আক্রমণই শেষকথা, সাফ ফাইনাল জিততে আত্মবিশ্বাসী ভারত

মিলনমেলা প্রাঙ্গণে এসে আজ ইস্টবেঙ্গল মোহনবাগানকে একসূত্রে মিলিয়ে দিলেন এমিনিয়ানো মার্তিনেজ। কলকাতার দুই প্রধানই এমির হাতে উপহার হিসেবে তুলে দেয় ক্লাবের জার্সি। আর এরপরই দুই ক্লাবকর্তা, অর্থাৎ ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার এবং মোহনবাগানের দেবাশিষ দত্তকে দু’পাশে নিয়ে একসঙ্গে দু’জনের হাত তুলে ধরলেন মার্তিনেজ। এর মধ্যে অবশ্য ভুল লোগো সহ জার্সি উপহার দিয়ে বিপাকে পড়েছে দুই দলই। মোহনবাগানের জার্সিতে লেখা রয়েছে ‘এটিকে মোহনবাগান’, যে নাম দীর্ঘ প্রতিবাদের পর পরিবর্তিত হয়েছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’-এ। অন্যদিকে, ইস্টবেঙ্গল জার্সিতে আবার ‘এসি সিমেন্ট’-এর বিজ্ঞাপন, অথচ তারা আর বর্তমানে ইস্টবেঙ্গলের স্পনসর নেই। যাই হোক, মার্তিনেজ জানেন কীভাবে সমর্থকদের হৃদয় জিতে নিতে হয়। মোহনবাগান সচিব কানে কানে বলে দিতেই মার্তিনেজ ভাঙা ভাঙা উচ্চারণে বলে উঠলেন, ‘জয় মোহনবাগান!’, আর শোনার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন সবুজ মেরুন সমর্থকরা।

সোমবার বাংলাদেশের ঝটিকা সফর সেরে সেদিনই কলকাতায় পা রাখেন মার্তিনেজ। বিমানবন্দরে মার্তিনেজকে দেখতে ভিড় ছিল প্রত্যাশামতোই। সোমবার অবশ্য বিশ্রাম নেন তিনি। এরপর আজ, মঙ্গলবারই কলকাতায় যাবতীয় কর্মসূচি ছিল তাঁর। এদিকে মিলনমেলা প্রাঙ্গনেও মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ‘তাহাদের কথা’ অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন শতদ্রু দত্ত। মিলন মেলায় আজ মার্তিনজকে দেখতে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, অভিনেতা সঞ্চালক মীর এবং বাংলার একাধিক প্রাক্তন ফুটবলার। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হল কলকাতা পুলিশ। মিলনমেলার অনুষ্ঠান শেষ হয়েছে। এখন মোহনবাগান ক্লাবে পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত গেট উদ্বোধন করবেন মার্তিনেজ।

ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! 'জয় মোহনবাগান' বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ
ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! ‘জয় মোহনবাগান’ বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ

ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! ‘জয় মোহনবাগান’ বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ

ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! 'জয় মোহনবাগান' বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ
ভালোবাসার চাপে ভাঙল গাড়ির কাঁচ! ‘জয় মোহনবাগান’ বলে সমর্থকদের হৃদয় জিতলেন মার্তিনেজ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত