রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অতিরিক্ত বিল (Extra Billing in Private Hospitals) নেওয়ার অভিযোগ বহুদিনের। রোগীর অজ্ঞাতসারে বাড়তি চার্জ নেওয়ার ঘটনা প্রায়ই সামনে আসে। সেই অবস্থা বদলাতেই এবার বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় পেশ হল ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২৫’ (West Bengal Clinical Establishment Amendment Bill 2025)।
এই বিল অনুযায়ী, রাজ্যের সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ক্লিনিকগুলিকে পরিষেবার নির্ধারিত প্যাকেজ খরচ স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সেই তালিকা বাংলা-সহ একাধিক ভাষায় দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে রোগী বা তার পরিবার বিভ্রান্ত না হন।


বিলের প্রধান দিকনির্দেশ:
বাড়তি খরচের ক্ষেত্রে রোগীর সম্মতি আবশ্যিক। চিকিৎসার প্রয়োজনে যদি অতিরিক্ত খরচ হয়, তবে তা আগে জানিয়ে অনুমতি নিতে হবে।
প্রতিদিন ক্লিনিক্যাল তথ্য সংরক্ষণের উপর জোর।


রোগীর পরিবারের হাতে প্রতিদিন বিল তুলে দেওয়ার সুপারিশ।
সেবার নামে বাণিজ্য নয়, সরকারের বার্তা পরিষ্কার।
মুখ্যমন্ত্রীর বার্তা ও বিধায়কদের প্রতিক্রিয়া:
বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্মরণ করিয়ে দেন বিধায়কেরা— “সেবা বিক্রি করা যায় না।”
তৃণমূল বিধায়ক ও চিকিৎসক রানা চট্টোপাধ্যায় বলেন, “এই বিল রোগী ও হাসপাতালের মধ্যে বিশ্বাস ও স্বচ্ছতা তৈরি করবে।”
অন্য বিধায়ক অপূর্ব সরকার ও মুকুটমণি অধিকারী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানবিক দৃষ্টিভঙ্গি ও পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি:
এই গুরুত্বপূর্ণ বিল পেশ হলেও বিজেপির কোনও বিধায়ক আলোচনায় অংশ নেননি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিধায়ক সরকারের এই সিদ্ধান্তকে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন।








