নজরবন্দি ব্যুরোঃ আসন্ন কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত অক্সিজেন চেয়ে মোদীকে ‘অতি জরুরি’ চিঠি মমতার।গোটা দেশের মতই এরাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আগামী ১৫ দিন এই সংক্রমণ প্রচণ্ড হারে বাড়তে পারে বলে গতকালই রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এমন অবস্থায় গোটা দেশের মত রাজ্যেও অক্সিজেনের আকাল দেখা দিতে পারে এই আশঙ্কায় এবার অতিরিক্ত অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ সাংবাদিকদের হেনস্থার জের, বিধায়ক হয়েও বিধানসভায় শুভেন্দুর উপর নিষেধাজ্ঞা।
শুধু তাই নয় চিঠির উপর পেন দিয়ে ‘ভেরি আর্জেন্ট’ ও লিখে দিয়েছেন তিনি। চিঠিতে অক্সিজেনের যাবতীয় হিসেবনিকেশের কথাও উল্লেখ করেছেন তিনি। এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ৪৭০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। আগামী ৭, ৮ দিনের মধ্যে তার চাহিদা পৌঁছতে পারে ৫৫০ মেট্রিক টনে। তাই সেই বাড়তি অক্সিজেন সরবরাহ করতে হবে কেন্দ্রকেই। চিঠিতে এমনই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব।
যদিও বাংলার বরাদ্দ না বাড়িয়ে অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে কেন্দ্র। আর সেটা করছে বাংলায় উত্পাদিত অক্সিজেন থেকেই। মমতার অভিযোগ, গত ১০ দিনে এ রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অক্সিজেন ২৩০ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ২৬০ মেট্রিক টন। আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন। যদিও চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন। তাই এই ৫৫০ মেট্রিক টন অক্সিজেন দ্রুত সরবরাহ করা না হলে আগামীদিনে বহু মৃত্যুর আশঙ্কাও করেছেন তিনি।
আসন্ন কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত অক্সিজেন চেয়ে মোদীকে ‘অতি জরুরি’ চিঠি মমতার। প্রসঙ্গত এর আগে ভ্যাকসিন চেয়েও কেন্দ্রকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এখন দেখার তাঁর অনুরোধে সারা দিয়ে কেন্দ্র এই অতিরিক্ত অক্সিজেন পাঠায় কিনা।



