আজ দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির বিয়ের আসর বসতে চলেছে মুম্বইতে। আর ইতিমধ্যেই বিয়ের আসরে যোগ দিতে মুম্বই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানির সঙ্গেও। সেই সঙ্গে ইন্ডিয়া জোটের তিন গুরুত্বপূর্ণ নেতা উদ্ধ্বব ঠাকরে, শারদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গেও শুক্রবার বিকেলে একটি বৈঠকও সারবেন তিনি।
আগামী ২২ শে জুলাই শুরু হতে চলেছে সংসদে বাজেট অধিবেশন। তার আগে ইন্ডিয়া জোটের এই তিন নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দল হিসেবে মোদি সরকারের ওপর সংসদে চাপ সৃষ্টি করার রণকৌশল এই বৈঠকে ঠিক করা হতে পারে বলে খবর। কয়েকদিন আগেই রাজ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরোপুরি দায় চাপিয়ে ছিলেন কেন্দ্রের উপর। এবার বাজেট অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাপিয়ে রাখায় মূল লক্ষ্য।



প্রসঙ্গত, লোকসভা ভোটের পরে এই তিন ইন্ডিয়া নেতার সঙ্গে এই প্রথম বৈঠক হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও ঠাকরে,পাওয়ার ও অখিলেশের মতো নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্য বেশ আগ্রহী বলেই খবর। তবে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই তিন নেতার সঙ্গে বৈঠক সম্পূর্ণ একটি সৌজন্যমূলক বৈঠক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
বাজেটের আগে রণনীতি ঠিক করে দেবেন মমতা, আরব-পাড়ে ঐক্যবদ্ধ INDIA জোটের চার স্তম্ভ



সূত্রের খবর, এই বৈঠকের পরই সন্ধেয় মুকেশ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যেই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে মুম্বই শহর। অতিথিদের তালিকা রয়েছে বেশ দীর্ঘ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত হবেন এই বিয়ের আসরে। সেই সঙ্গে থাকবেন বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটাররাও। এছাড়াও বিদেশের মন্ত্রী, তারকা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। এককথায় চাঁদের হাট বসতে চলেছে এই বিয়ের আসরে।







