ভোট গণনার আগের রাতেই তীব্র উদ্বেগের সুর—একাধিক জেলায় পরিকল্পিত লোডশেডিং, সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া এবং স্ট্রংরুম ঘিরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে দলীয় কর্মীদের রাতভর পাহারার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে করা তাঁর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
নিজের বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের তথ্য তাঁর কাছে পৌঁছচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র—বিভিন্ন জায়গায় দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ। সেই সময়েই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে এবং স্ট্রংরুম এলাকায় গাড়ি চলাচল নজরে আসছে বলেও দাবি করা হয়েছে।



এই পরিস্থিতিতে তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। স্ট্রংরুমের সামনে রাত জেগে পাহারা দেওয়া, প্রতিটি গতিবিধির উপর নজর রাখা এবং কোনও অস্বাভাবিকতা চোখে পড়লেই দ্রুত অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্টদের ঘিরে ধরার এবং সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি তোলার কথাও উল্লেখ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, দাবি করেছেন—এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে এবং এর পেছনে রাজনৈতিক নির্দেশ রয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের ফল ঘোষণার আগে এমন অভিযোগ ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।









