নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারে নীরব দর্শক নির্বাচন কমিশন, ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের প্রায় এক মাস আগে রাজ্যে নিয়ে আসে নির্বাচন কমিশন। ভারী বুটের শব্দে ভোটের আগেই গমগম করে ওঠে রাজ্য। তবে প্রথম দফা ভোট থেকে যে কেন্দ্রীয় বাহিনীর অবাধে ভোট করানোর দায়িত্ব তাদের বিরুদ্ধেই বারবার অভিযোগ উঠে আসছে বিজেপির হয়ে ভোট করানোর।
আরও পড়ুনঃ হলফনামায় নিজের সম্পত্তির হিসেব দিলেন বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী।
আজ রাজ্যের ৩১ টি আসনে তৃতীয় দফা ভোটেও সেই একই অভিযোগ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সরাসরি অভিযোগ করলেন রাজ্যের বহু জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও তাঁরা চূড়ান্ত নিষ্ক্রিয়ভাবে কাজ করে চলেছে। তৃণমূলের প্রার্থী থেকে কর্মী সমর্থকদের তাঁরা হেনস্থা করছে, মারধর করছে, হুমকি ধমকি দিচ্ছে বা কেউ সে সব করলে তা তাঁরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে মাঠে ভোটলুঠের খেলার জন্য। এদিন রাজ্যে যখন ৩১টি বিধানসভা কেন্দ্রের তৃতীয় দফার ভোট চলছে তখন সেই একই অভিযোগ আরও বেশি করে উঠতে শুরু করে দিয়েছে। এদিনই দক্ষিন ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আইএসএফের বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ তোলেন সেখানকার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।
অথচ সেই সময় কেন্দ্রীয় বাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে হাতগুটিয়ে বসেছিল। তাঁদের চোখের সামনেই নিগৃহ করা হয় তৃণমূল প্রার্থীকে। এরই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শওকত। এরপরে পরেই শওকতের পাশে দাঁড়িয়ে ট্যুইটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ভয় দেখাচ্ছে আধাসামরিক বাহিনী। বিশেষত তাঁর কেন্দ্র নন্দীগ্রাম থেকেই ভোটের আগের দিন থেকেই নানা অভিযোগ আসে। কমিশনে তৃণমূল জানায়, কোথাও আগের দিন রাতে হুমকি দিয়ে আসছে বাহিনী। কোথাও ভোটারের পরিচয়পত্র দেখতে চাইছে তারা, যা বেএক্তিয়ার। এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের ভিডিও প্রমাণ হিসেবে ক্লিপ তুলে ধরে আরও একবার অভিযোগ করলেন মমতা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে, এ দিন ভোটগ্রহণ শুরু হতেই নানা জায়গা থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসে সিআরপিএফ এর বিরুদ্ধে।
কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারে নীরব দর্শক নির্বাচন কমিশন, ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। গোঘাটের ফুলঝোরে বাহিনীকে ঘিরে বিক্ষোভও দেখায় সাধারণ মানুষ। অভিযোগ তারা মারধর করেছে সাধারণ মানুষকে। সাতসকালে অভিযোগ এসেছে রায়দিঘি থেকেও। এই কেন্দ্রের ২৪ নং বুথে মহিলা ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য ধমকি দিচ্ছে কয়েকজন সিআরপিএফ জওয়ান।



