ঝালমুড়ি-কাণ্ডে মোদীকে কটাক্ষ মমতার, ‘১০ টাকা পকেটে থাকে?’ তীব্র আক্রমণ

ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়া ঘিরে রাজনৈতিক বিতর্ক, মুরারইয়ের সভা থেকে ‘নাটক’ বলে কটাক্ষ মমতার; কমিশন ও কেন্দ্রকেও আক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে—ঝালমুড়ি খাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারইয়ের জনসভা থেকে তৃণমূল নেত্রীর কটাক্ষ, “১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর? কত নাটক!”—এই মন্তব্য ঘিরে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি ঝাড়গ্রামে প্রচারে গিয়ে ঝালমুড়ি খেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দোকান থেকে ঝালমুড়ি কিনে পকেট থেকে ১০ টাকার নোট দিয়ে দাম মেটাচ্ছেন তিনি। এই ঘটনাকেই ‘নাটক’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, পুরো বিষয়টি সাজানো এবং পরিকল্পিত। এমনকি দোকানে আগেভাগে ক্যামেরা বসানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। আরও একধাপ এগিয়ে তাঁর অভিযোগ, ঝালমুড়িটি নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রস্তুত করা হয়েছিল।

এই প্রসঙ্গে মমতা বলেন, “নির্বাচনের সময় নানা রকম ইমেজ তৈরির চেষ্টা করা হয়। কখনও গুহায় ধ্যান, কখনও চা-ওয়ালা পরিচয়—সবই ভোটের কৌশল।” তাঁর কথায়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ দেখানোর এই ধরনের প্রচার আসলে রাজনৈতিক নাটকেরই অংশ।

মুরারইয়ের সভা থেকে তিনি নির্বাচন কমিশন-কেও নিশানা করেন। তাঁর দাবি, ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের পরিকল্পনা চলছে এবং সেই সংক্রান্ত তালিকাও তাঁর কাছে এসেছে। যদিও এ বিষয়ে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। মমতার হুঁশিয়ারি, “প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব, সবকিছুর জবাব দেওয়া হবে।”

দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, আসন্ন ভোটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁর দাবি, লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো গেছে, এবার লক্ষ্য ২০২৬—বাংলা জিতে দিল্লির ক্ষমতা থেকেও বিজেপিকে সরানো।

ভোটের দিন ও গণনার সময় সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, শেষ মুহূর্ত পর্যন্ত বুথে নজর রাখতে হবে। এমনকি প্রয়োজন হলে আগেভাগে খাবারের প্রস্তুতি সেরে রাখার কথাও বলেন তিনি, যাতে ভোট ও গণনার দিনে কোনও বাধা না আসে।

এ দিনের সভা থেকে উন্নয়ন নিয়েও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের দাবি মেনে দ্বারকা নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেন তিনি। প্রায় ৫৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ নির্বাচন পরবর্তী সময়েই শুরু হবে বলে জানিয়েছেন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত