আরজি কর কাণ্ডে ঠিক কোন দাবি নিয়ে আজ পথে নামছেন মমতা?

Mamata Banerjee: তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে। ঘটনায় শুরু থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে, ১৪ আগস্ট মধ্যরাতে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক মানুষ ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচিতে পথে নামেন। ঘটনায় আন্দোলন চলছে রাজ্য জুড়ে। আর সেসবের মাঝেই এবার পথে নামছেন মমতা। ১৪ তারিখেই তিনি জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার অর্থাৎ ১৬ আগস্ট বিকেল ৩টায় মৌলালির মোড় থেকে মিছিল করবেন তিনি।

কিন্তু কোন দাবিতে এই মিছিল? এক্স হ্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন। তিনি জানিয়ছেন, তদন্ত সংক্রান্ত একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর। প্রথমত, প্রতিদিন তদন্তে কী উঠে আসছে তা জানাতে হবে। দ্বিতীয়ত, রবিবারের মধ্যে সিবিআইকেও রহস্যভেদ করতে হবে। তৃতীয়ত, কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলোর তদন্তভার থাকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়মের বেড়াজালের কারণে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয় না। মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে ‘কবর’ দেওয়া উচিত হবে না। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে।

অন্যদিকে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ফ্রন্ট শরিক আরএসপি সরাসরি সমর্থন জানিয়েছে বনধকে। বনধ-এর বিরোধিতা করেনি সিপিএমও। এদিন রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে তারা। পরিকল্পনা, জেলায় জেলায়, ব্লকে ব্লকে এদিন আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল, মিটিং বের করা হবে। যদিও সকালের প্রথম ভাগে বনধের প্রভাব লক্ষ্য করা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত