বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের মেগা মিছিল, কবে? জানিয়ে দিলেন মমতা

বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে স্বাধীনতার আগের রাতে রাস্তায় নামার ডাক দিয়েছেন দিয়েছে নারীসমাজ। কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি এবং কলেজস্ট্রিটে জমায়েত হবে আজ রাত ১১টা বেজে ৫৫মিনিট থেকে। এদিকে বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, আরজি করের এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে বাম ও বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি বলব এরকম একটা সময়ে নির্যাতিতার পরিবারের পাশে থাকতে হয়। সমবেদনা জানাতে হয়। তা না করে বাম ও বিজেপি নিজেরা চক্রান্ত করে বাংলার বদনাম করতে চাইছে। সিপিআইএম নিজেদের অতীত দেখুক। আয়নার সামনে দাঁড়াক। বানতলার ঘটনা মানুষ ভোলেনি।”

এই পরিপ্রেক্ষিতে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল! ১৭ তারিখ থেকে সেই কর্মসূচি। তিনি বলেছেন, ‘‘১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ধর্না হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা।’’

লাগাতার পাঁচ দিন ধরে চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ব্যাহত হচ্ছে পরিষেবা। এই প্রসঙ্গে মমতা বললেন, ‘‘চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর