ইন্ডিয়া (INDIA) জোটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন আরজেডি নেতা লালু প্রসাদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন এবং কংগ্রেসের আপত্তিকে গুরুত্ব দেবেন না। এই মন্তব্যে নেতৃত্ব নিয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে লালু প্রসাদ বলেন, “কংগ্রেসের আপত্তি কোনও বিষয় নয়। আমরা মমতাকেই সমর্থন করব। ২০২৫-এ সরকার গড়ব আমরা।” এর আগে এনসিপি নেতা শরদ পাওয়ার এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও মমতার প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি ওয়াইএসআর কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিব সেনাও একই সুরে কথা বলেছে।


তবে কংগ্রেসের তরফ থেকে মমতাকে জোটের নেতৃত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেছেন, “যারা সারা দেশে ১০০ আসন পেল, তারা নেতৃত্ব ঠিক করবে, নাকি যারা ২০-৩০টা আসন পেয়েছে তারা?” তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসেরই আছে।
এদিকে, মমতাকে সমর্থনের প্রেক্ষাপটেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসছেন। কেজরীবাল দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়তে চান বলে জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে বারবার বিজেপিকে পরাস্ত করা তৃণমূলের সাফল্য মমতাকে জোটের নেতা হিসেবে দেখানোর অন্যতম কারণ। তৃণমূল কংগ্রেসের এই রেকর্ডের উপর ভরসা করেই অন্যান্য শরিকরা বিজেপির বিরুদ্ধে মমতাকে এগিয়ে রাখতে চাইছে।









