বিরাট স্বস্তিতে শিক্ষকেরা, ২৬ হাজারের চাকরি বাঁচালেন ‘জনদরদী’ মমতা!

এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানানো হল, ২৬ হাজার জনের মধ্যে কেবল ১২১২ জন শিক্ষকের চাকরি পাওয়া সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রায় প্রতিটি জনসভায় একাধিকবার চিৎকার করে করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি কারুর চাকরি যেতে দেব না, দেব না, দেব না!” আর সেই কথাকেই যেন বাস্তবে রূপায়ন করার পথে তৃণমূলনেত্রী। রাজ্য সরকার রবিবার সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছে, তা যদি শীর্ষ আদালত মেনে নেয় তাহলে আর চাকরি যাবে না ২৬ হাজার শিক্ষকের!

এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে নিয়োগ দুর্নীতি মামলা। আগেই ২৬ হাজার জন শিক্ষকের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু, ২৬ হাজার জনের মধ্যে কারা ‘অযোগ্য’ আর কারাই বা ‘যোগ্য’ তা নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায় ‘অযোগ্য’-দের তালিকা তাঁরা জমা দেবে। রবিবার সেই তালিকা জমা হল শীর্ষ আদালতে।

স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, ২৬ হাজার জনের মধ্যে কেবল ১২১২ জনের চাকরি পাওয়া সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে, এই ১২১২ জন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি ও গ্রপ-ডি এই চারটি বিভাগেই কাজ করতেন তালিকার এই ব্যক্তিরা।

আরও সরাসরি এসএসসি জানিয়েছে, ১২১২ জনের মধ্যে নবম-দশম শ্রেণিতে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন ১৮৫ জন। যাদের মধ্যে আবার, ১১১ জন প্যানেলের বাইরে এবং বাকি ৭৪ জনকে মেধাতালিকা বহির্ভূতভাবে চাকরি পান। একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ৩৮ জনের বেনিয়মে চাকরি পেয়েছেন। তার মধ্যে ১৮ জন প্যানেল বহির্ভূত।

অন্যদিকে, গ্ৰুপ-সি বিভাগে ৩৮১ জন বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন। তার মধ্যে মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন ১৩২ জন। এ ছাড়া ২৪৯ জন চাকরি পেয়েছেন প্যানেলের বাইরে থেকে। গ্ৰুপ-ডি বিভাগে দুর্নীতি করে চাকরি পেয়েছেন ৬০৮ জন। এর প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন ৩৭১ জন। আর ২৩৭ জনকে মেধাতালিকায় এগিয়ে রেখে চাকরি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ১২১২ জনের নাম, রোল নম্বর-সহ তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এসএসসি। এবার যদি শীর্ষ আদালত এই তথ্যকে মেনে নেয় তাহলে কেবল ১২১২ জনের চাকরি যাবে। বেঁচে যাবে ২৬ হাজার শিক্ষক সহ তাঁদের পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত