নজরবন্দি ব্যুরোঃ চেন্নাই থেকে ফিরেই নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে আসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদিয়া জেলায় তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী। ওই সময়েই কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি জনসভা করবেন তিনি। এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
আরও পড়ুনঃ India Vs Zimbabwe: ভারতের জন্য খলনায়ক হতে পারে বৃষ্টি, চাপ বাড়ছে রোহিতদের
সূত্রের খবর, আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগরে যাবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ৯ তারিখ কৃষ্ণনগরের কলেজ মাঠে জনসভা করবেন তিনি। এরপর ১০ই নভেম্বর রানাঘাট হবিবপুর ছাতিমতলা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর নদিয়াতে। যাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে।

রাজনৈতিক মহলের ব্যখা, নদিয়া জেলার সাংগঠনিক দুর্বলতার কথা আন্দাজ করতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো। তার ওপর জেলায় তৃণমূলের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসতেও শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে সংগঠনকে চাঙ্গা করতে চায় ঘাসফুল শিবির।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় এই জেলার বিধায়ক মানিক ভট্টাচার্য রয়েছেন জেল হেফাজতে। গত বছরেই নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদে আনা হয়েছিল করিমপুরের তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহকে রায়কে। ঠিক এক বছরের মাথায় সরিয়ে দেওয়া হল তাঁকে। স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এরপরেই নদিয়া সফরে যাওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
নদিয়া জেলায় তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি

এই মুহুর্তে চেন্নাই সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন তিনি। দেখা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। সেখান থেকে ফিরে এবার নদিয়া সফরে যাবেন তিনি। নদিয়ায় ৮ তারিখ থেকে শুরু হবে রাস উৎসব। চলবে ১০ তারিখ পর্যন্ত। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রীর সফর ফলত রাজনৈতিক পারদ চড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



