গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তাঁর। এরপর কেটে গিয়েছে তিন বছর। বিজেপির একজন সক্রিয় সদস্য তিনি। লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন। সেই মিঠুনকে এবার গদ্দার বলে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Mithun Chakraborty)। কেন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা, তা নিয়েও করলেন বিস্ফোরক মন্তব্য।

আরও পড়ুন: দলের সিদ্ধান্তেই লোকসভায় প্রার্থী হতে পারেননি, ২৬-এর ভোটে তৃণমূলের হয়ে লড়বেন নওশাদ?
লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গত কয়েকদিন ধরেই একটানা উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন। বৃহস্পতিবারও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা সমর্থনে রোড শো করেন তিনি। এদিনই ইসলামপুরের সভা থেকে এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফিল্ম স্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করাতে।’ মিঠুনকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের সময় ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। তখন জানতাম না ও বাংলার আরও একটা বড় গদ্দার।’

তৃণমূল সুপ্রিমোর দাবি, নিজের ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ছেলেকে বাঁচাতে আরএসএসের দফতরে গিয়ে মাথা নিচু করেছিল। তাঁর কটাক্ষ, ‘ওখানে গিয়ে বলেছে আমি বিজেপির সেবক আছি।’
মিঠুন ‘গদ্দার’! কেন বিজেপিতে গেছেন অভিনেতা, বিস্ফোরক মমতা

উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিয়ে মহাগুরু বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক গুরু। রাজনীতিতে তিনি যা যা করেছেন তাতে তাঁর অবদান রয়েছে।’ সেই মিঠুনকেই নিশানায় আনলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাদের কোনও আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।’



