‘বাংলার গ্যাস বাইরে নয়!’—কেন্দ্রকে কড়া বার্তা মমতার, ভোটের আগে নতুন বিতর্ক

এলপিজি সঙ্কটের আবহে বাংলার গ্যাস বাইরে না পাঠানোর হুঁশিয়ারি মমতার, ভোটের আগে কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আবহে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র। Mamata Banerjee শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। এলপিজি সঙ্কটের প্রেক্ষিতে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি—বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস কোনওভাবেই রাজ্যের বাইরে পাঠানো যাবে না।

অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “হলদিয়ায় যে গ্যাস উৎপাদন হয়, তা বাইরে পাঠানো চলবে না।” তাঁর আশঙ্কা, নির্বাচনের আগে প্রশাসনিক বদলির সুযোগে গ্যাস সরবরাহ অন্যত্র সরিয়ে দেওয়া হতে পারে। সেই কারণেই আগেভাগেই সতর্কবার্তা দিলেন তিনি।

মমতার যুক্তি, ভোটের কাজে ভিনরাজ্য থেকে বহু সরকারি কর্মী ও নিরাপত্তা বাহিনী আসবেন। তাঁদের জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হবে। সেই পরিস্থিতিতে যদি রাজ্যের সাধারণ মানুষের জন্য গ্যাসের অভাব দেখা দেয়, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

শুধু গ্যাস ইস্যুই নয়, ভোটার তালিকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, অতিরিক্ত ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় বহু নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বুকের পাটা থাকলে আগে তালিকা প্রকাশ করুন। প্রয়োজনে জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হোক—আইনজীবী আমরা দেব।”

এরই মধ্যে আগের দিনের একটি ঘটনাও উঠে আসে তাঁর কথায়। ঝড়বৃষ্টির কারণে কলকাতায় নামার সময় তাঁর বিমান মাঝ আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটে। পরে নিরাপদে অবতরণের পর পাইলটের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “পাইলট খুব ভালো ছিল, জীবন বাঁচিয়েছে।”

সব মিলিয়ে, গ্যাস সরবরাহ থেকে ভোটার তালিকা—একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ভোটের আগে রাজনৈতিক চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত