লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে তোপ মমতার, পিংলার মঞ্চে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর

পিংলার জনসভা থেকে লক্ষ্মীর ভান্ডার, ভোট প্রক্রিয়া ও কেন্দ্রীয় রাজনীতি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আবহে পিংলার সভা থেকে একের পর এক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি—সব ক্ষেত্রেই তাঁর বক্তব্যে ছিল তীব্র আক্রমণের সুর। তিনি বলেন, “আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিছু কাড়ি না, আর বিজেপি এখন অন্য রাজ্যের মহিলাদের বলছে সব ফিরিয়ে দিতে!”

পশ্চিম মেদিনীপুরের পিংলা-র জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন যোগী আদিত্যনাথ-কে। তাঁর কটাক্ষ, “নয়ডা জ্বলছে, আর এখানে এসে বলছেন বাংলায় বুলডোজার চলবে!” এই মন্তব্যে স্পষ্ট, রাজ্য বনাম কেন্দ্র রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে।

এদিনের সভায় ভোট প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে। দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা তৈরি রাখার পরামর্শ দেন তিনি।

বিজেপির বিরুদ্ধে ‘নোংরা খেলা’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু বিজেপির মতো নোংরা খেলা আর দেখিনি।” একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “তোমরা যদি নোংরা খেলা খেলো, আমরা দুরন্ত খেলে তোমাদের হারাব।”

এদিন সাধারণ মানুষের উদ্দেশে আশ্বাসের সুরেও শোনা যায় তাঁকে। যাঁদের নাম বিভিন্ন তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নাম ফের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, রাস্তায় লড়ছি—নাম তুলেই ছাড়ব, আজ না হোক কাল।”

পিংলার সভা থেকে স্পষ্ট বার্তা, ভোটের আগে উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং রাজনৈতিক সংঘাত—সব ইস্যুকেই সামনে রেখে প্রচারের তীব্রতা আরও বাড়াতে চাইছে তৃণমূল শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন